Climate Finance: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ একত্রিশের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলির প্রয়োজন মেটাতে তিনি পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন।
তারেক রহমান জানান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে আর্থিক বিনিয়োগ প্রয়োজন, বাস্তবে তার পরিমাণ এখনও অনেক কম। ফলে উন্নয়নশীল দেশগুলির চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতির আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বিনিয়োগ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর প্রচেষ্টাতেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলির ঋণের বোঝা কমাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জলবায়ু সংক্রান্ত কাজে বিনিয়োগের বিনিময়ে ঋণ মকুব বা ঋণের শর্ত পরিবর্তনের প্রস্তাব দেন তিনি।

তৃতীয়ত, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরে সহায়তা করতে হবে। পঞ্চমত, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি।
জলবায়ু মোকাবিলায় পাঁচ প্রস্তাব
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতির উপর বড় চাপ তৈরি করছে। এই বাড়তি বোঝা এবং আর্থিক সম্পদের সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্পায়ন ও উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে হবে। একইসঙ্গে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি।
পরিবেশবান্ধব শিল্পের উপর জোর দিয়ে তিনি বৈদ্যুতিক যানবাহন, পাটের ব্যাগ এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর প্রস্তাব দেন। আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া জল সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, ভূগর্ভস্থ জল রক্ষা, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং নদী ও খাল খননের পরিকল্পনার কথাও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান তারেক রহমান।











