Chinese military aircraft Sikkim airspace: শিলিগুড়ি করিডরের কাছে চিনা বিমানের গতিবিধি, সকাল ৮টা নাগাদ নজরে আসে ভারতীয় বায়ুসেনার। বারবার সতর্কবার্তা দেওয়া হলেও বিমানটি এলাকা ছাড়েনি বলে দাবি।সিকিমের আকাশে চিনা সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১২ নভেম্বর একটি চিনা সামরিক বিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ওড়ে বলে অভিযোগ। সংবাদমাধ্যম ‘আউটলুক’-এর একটি প্রতিবেদনে এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই ভারতের নিরাপত্তা এবং বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্রের দাবি, গত ১২ নভেম্বর সকাল ৮টা নাগাদ ভারতীয় বায়ুসেনার নজরে আসে চিনা বিমানটির গতিবিধি। সিকিমের আকাশে বিমানটির উপস্থিতি শনাক্ত করার পরই তাকে সতর্কবার্তা পাঠানো হয়। বারবার চিনের ভূখণ্ডে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, সেই সতর্কবার্তা উপেক্ষা করেই বেশ কিছুক্ষণ ভারতীয় আকাশসীমার উপরে উড়তে থাকে বিমানটি।প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটিকে শনাক্ত করা হয়েছিল। তবে সেটি ঠিক কোন ধরনের সামরিক বিমান ছিল, কোন পথে ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল এবং কখন এলাকা ছেড়ে বেরিয়ে যায়, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। এই ঘটনা নিয়ে ভারতীয় বায়ুসেনার কাছে প্রতিক্রিয়া চেয়েছিল ‘আউটলুক’। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বায়ুসেনার তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কেন গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর? (Chinese military aircraft Sikkim airspace)
এই ঘটনার গুরুত্ব আরও বেড়েছে ভৌগোলিক অবস্থানের কারণে। সিকিমের কাছেই রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর। পশ্চিমবঙ্গের এই সরু ভূখণ্ডটি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের প্রধান সংযোগপথ। ‘চিকেনস নেক’ নামেও পরিচিত এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার।এই অঞ্চলের আশপাশেই রয়েছে চিন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ফলে জাতীয় নিরাপত্তার দিক থেকে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। সিকিমের সঙ্গে চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। পাশাপাশি সিকিমের কাছেই রয়েছে ডোকলাম মালভূমি। ২০১৭ সালে এই ডোকলামেই ভারত ও চিনের সেনাবাহিনী ৭৩ দিন ধরে মুখোমুখি অবস্থানে ছিল।
আগেও একাধিকবার চিনা বিমানের গতিবিধি (Chinese military aircraft Sikkim airspace)
ভারতীয় সীমান্তের কাছে চিনা সামরিক বিমানের গতিবিধি অবশ্য নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ সামনে এসেছে।২০২২ সালের জুন মাসে পূর্ব লাদাখে ভারতীয় সেনা অবস্থানের কাছাকাছি একটি চিনা সামরিক বিমান উড়েছিল বলে অভিযোগ ওঠে। ভারতীয় সেনার জওয়ান এবং রাডার ব্যবস্থায় সেই গতিবিধি ধরা পড়ে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা নেয় ভারতীয় বায়ুসেনা। সামরিক স্তরে চিনের কাছেও বিষয়টি জানানো হয়েছিল।
২০২০ সালে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘাত চলাকালীনও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি-র কাছাকাছি চিনা সামরিক হেলিকপ্টার দেখা গিয়েছিল। সেই সময় ভারতীয় বায়ুসেনা এলাকায় যুদ্ধবিমান দিয়ে নজরদারি চালায়। তবে সরকারি সূত্রে জানানো হয়েছিল, ওই হেলিকপ্টারগুলি ভারতীয় আকাশসীমায় ঢোকেনি।২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চিনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল বলে অভিযোগ ওঠে। একই বছরের জুন মাসে উত্তরাখণ্ডের চামোলি জেলায় চিনা সেনার দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে উড়েছিল। ডোকলাম সংঘাতের কয়েক মাস আগের এই ঘটনাও যথেষ্ট উদ্বেগ তৈরি করেছিল।
এছাড়া গত ৭ নভেম্বর লাদাখে চারটি চিনা হেলিকপ্টার ভারতীয় আকাশসীমা অতিক্রম করেছিল বলে অভিযোগ ওঠে। তার মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট ধরে একটি এলাকায় উড়েছিল বলে জানা যায়। সব মিলিয়ে, ১২ নভেম্বর সিকিমের আকাশে চিনা সামরিক বিমানের এই কথিত অনুপ্রবেশ নতুন করে সীমান্ত নিরাপত্তার প্রশ্ন সামনে এনে দিয়েছে। তবে সর্বশেষ ঘটনা নিয়ে ভারতীয় বায়ুসেনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।









