Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বাঙালির বৌদি ডাকে আর বন্ধুত্বে আপত্তি! মুর্শিদাবাদের বিজেপি নেতার এক অদ্ভুত প্রস্তাব ঘিরে বিতর্ক

রণিতা সাহা
Published On: নভেম্বর 17, 2026 1:37 অপরাহ্ন

Bishnucharan Sikdar Social Rules Controversy: বাঙালির বাড়িতে বন্ধু আসবে, চায়ের কাপ হাতে জমবে আড্ডা। পাড়ার পরিচিত কোনও মহিলাকে দেখলে ‘কী বৌদি, ভালো আছেন?’ বলে দুটো কথা হবে। এটাই তো চেনা ছবি! কিন্তু মুর্শিদাবাদের এক বিজেপি নেতার নতুন প্রস্তাব মেনে চলতে হলে এবার বদলাতে হতে পারে এই অভ্যাস। বন্ধুকে আর বাড়িতে ডাকা যাবে না। দেখা করতে হলে যেতে হবে চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবে। আর পাড়ার পরিচিত মহিলাকে ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকাও চলবে না। বলতে হবে ‘দিদি’ কিংবা ‘বোন’। সমাজকে ঠিক পথে চালানোর জন্য এমনই একগুচ্ছ নতুন নিয়মের কথা শুনিয়েছেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সংগঠন সম্পাদক বিষ্ণুচরণ সিকদার। তাঁর এই নিদান ঘিরে এখন রাজনৈতিক মহল থেকে সমাজমাধ্যম, সর্বত্রই আলোচনা ও হাসিঠাট্টা। গত রবিবার হরিহরপাড়ার ভবানীপুর গ্রামে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই পরামর্শ দেন বিষ্ণুচরণ। তিনি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সংগঠন সম্পাদক। তাঁর মতে, সমাজের নানা খারাপ অভ্যাস বন্ধ করতে হলে প্রথমেই বদলাতে হবে মানুষের দৈনন্দিন জীবনযাপন। আর সেই বদলের শুরু হতে পারে ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ এবং ‘বন্ধু সংস্কৃতি’ বন্ধ করার মাধ্যমে।

বৌদি বললেই বিপত্তি, সম্বোধনে আনতে হবে বদল! (Bishnucharan Sikdar Social Rules Controversy)

বিষ্ণুচরণের বক্তব্য, কোনও মহিলার সঙ্গে পারিবারিক সম্পর্ক না থাকলে তাঁকে ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে ডাকা উচিত নয়। তাঁর মতে, এই ধরনের সম্বোধন থেকেই নানা অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই যাঁর সঙ্গে পরিবারের সম্পর্ক নেই, তাঁকে ‘দিদি’, ‘বোন’ কিংবা সরাসরি নাম ধরে ডাকতে হবে। শুধু নিয়ম বলেই থেমে থাকেননি বিজেপি নেতা। কেউ ভুল করে ‘বৌদি’ বলে ডাকলে কী করতে হবে, তারও উপায় বাতলে দিয়েছেন। মহিলাদের উচিত, সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে বলা যে তাঁকে ‘দিদি’ বলেই সম্বোধন করা উচিত। অর্থাৎ, এবার থেকে পাড়ায় কারও সঙ্গে দেখা হলে কথা শুরুর আগে সম্বোধন ঠিক আছে কি না, সেটাও ভেবে নিতে হবে!

বন্ধু আসবে বাড়িতে? না, ঠিকানা হোক চায়ের দোকান! (Bishnucharan Sikdar Social Rules Controversy)

বাঙালির আর এক প্রিয় অভ্যাস আড্ডাতেও আপত্তি রয়েছে বিষ্ণুচরণের। তাঁর পরামর্শ, যুবকদের বন্ধুদের বাড়িতে আসা-যাওয়া বন্ধ করা উচিত। কোনও বন্ধু ফোন করে যদি বলে, ‘আমি তোর বাড়ি আসছি’, তাহলে তাঁকে বাড়িতে আসতে বারণ করতে হবে। দেখা করার জন্য বরং চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবের ঠিকানা দিতে হবে। অর্থাৎ, বন্ধুত্ব থাকবে, গল্পও হবে। শুধু বাড়ির দরজাটা বন্ধ রাখতে হবে! যে বাংলায় বন্ধুর বাড়িতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া একটা পরিচিত অভ্যাস, সেখানে এই প্রস্তাব বেশ চমকপ্রদ। এবার থেকে বন্ধুর বাড়ি যাওয়ার আগে হয়তো ঠিক করতে হবে, দেখা হবে চায়ের দোকানে, না কি ক্লাবের বেঞ্চে!বিষ্ণুচরণের দাবি, ধীরে ধীরে এই ‘বন্ধু সংস্কৃতি’ বন্ধ করতে পারলে সমাজের নানা অনভিপ্রেত অভ্যাস দূর করা সম্ভব হবে।

অধীরের কটাক্ষ, নিজের দলের নেতারাও নারাজ (Bishnucharan Sikdar Social Rules Controversy)

বিজেপি নেতার এই মন্তব্যের বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর মতে, ‘বৌদি’ বা ‘ভাবি’ কোনও নতুন সম্বোধন নয়। হিন্দু ও মুসলিম, দুই সম্প্রদায়ের মধ্যেই দীর্ঘদিন ধরে এই ডাকের প্রচলন রয়েছে। শুধু মানুষের সম্বোধন বদলে দিলেই সমাজ বদলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।মজার বিষয়, বিষ্ণুচরণের প্রস্তাবে আপত্তি রয়েছে তাঁর নিজের দলের অন্দরেও। মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, এটি বিষ্ণুচরণের ব্যক্তিগত মত। দলের কোনও সরকারি অবস্থান নয়। ভারতীয় সমাজে মা, দিদি, বোনের পাশাপাশি বৌদি সম্বোধনেরও নিজস্ব জায়গা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই এই প্রস্তাবে তাঁর সায় নেই।

‘আজ যে বন্ধু, কাল সে শুভেন্দু!'(Bishnucharan Sikdar Social Rules Controversy)

বিষয়টি নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে মিম ও কটাক্ষের বন্যা। এক্স-এর এক ব্যবহারকারী বিষ্ণুচরণের প্রস্তাবকে ব্যঙ্গ করে লিখেছেন, মুর্শিদাবাদের বিজেপির সাধারণ সম্পাদক বাড়ির জন্য নতুন নিয়ম চালু করতে চাইছেন। সেখানে বৌদি-ভাবি সংস্কৃতি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, তাঁর প্রস্তাবকে ঘিরে আরও কটাক্ষও করেছেন ওই ব্যবহারকারী। এবিপি আনন্দের ইনস্টাগ্রাম পোস্টেও এক ব্যবহারকারীর মন্তব্য নজর কেড়েছে। তাঁর কথায়, ‘ঠিকই তো বলেছে, আজ যে বন্ধু, সে কাল শুভেন্দু!’ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রাকে ইঙ্গিত করেই এই মন্তব্য।সব মিলিয়ে বাঙালির আড্ডা, বন্ধুত্ব আর সম্বোধন—তিনটিই এখন রাজনৈতিক আলোচনার বিষয়। তবে আপাতত বিজেপির জেলা নেতৃত্বই যখন এই প্রস্তাবে রাজি নয়, তখন ‘বৌদি’ ডাক কিংবা বন্ধুর বাড়িতে আড্ডা বন্ধ হওয়ার কোনও কারণ নেই। তাই চায়ের দোকানে যাওয়ার পাশাপাশি বন্ধুর বাড়িতেও যাওয়া চলতে পারে। অন্তত এখনই আড্ডার জন্য নতুন নিয়মের বই হাতে নেওয়ার দরকার পড়ছে না!

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now