Bangladesh Prime Minister Tarique Rahman Turkey Visit: একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদনে দাবী করা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ টার্কিশ এয়ারলাইন্সের বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতির পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ আনতালিয়ায় পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। এই সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখবেন তিনি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই তিন দিনের সফরের শেষ দিন, অর্থাৎ বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য পেশ করবেন তারেক রহমান।
কারা যাবেন তারেক রহমানের সঙ্গে? (Bangladesh Prime Minister Tarique Rahman Turkey Visit)
এই সফরে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চিনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের বিদেশমন্ত্রী এবং রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠক হওয়ার কথা।
ঢাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত-সহ মন্ত্রিসভার একাধিক সদস্য ও প্রশাসনিক আধিকারিক।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানিয়েছেন, শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে তাঁর।










