Bangladesh Police Station Attack: বাংলাদেশে ফের বাড়ছে নাশকতার ঘটনা। এবার নাশকতাকারীদের নিশানায় দেশের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা সামনে আসতেই সতর্ক হয়েছে প্রশাসন। পুলিশের গোয়েন্দা সূত্রের দাবি, আগামী দিনে থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছে নাশকতাকারীরা। এমনকি দেশের সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার ছকও রয়েছে বলে খবর। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ।
প্রথম আলো ডিজিটাল ১৯ নভেম্বর ২০২৬, রাত ১টা ৫৬ মিনিটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, এই হামলার পিছনে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আগুনে থানার আটটি পুলিশের গাড়ি এবং আটটি মোটরসাইকেল পুড়ে যায়। ঘটনায় সাতজন পুলিশকর্মী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুধু টুঙ্গিপাড়াই নয়, এর আগে ঢাকার পল্লবী থানা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৫৭টি পরিবহনে আগুন লাগানো হয়েছে। পাশাপাশি ৭০টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলির ভিত্তিতে মোট ৩৫টি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের দুটি স্থাপনাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লকডাউন ঘিরে বাড়তি সতর্কতা (Bangladesh Police Station Attack)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে ব্লক রেইড এবং তল্লাশিচৌকির সংখ্যা। রাজধানীর প্রবেশপথগুলিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূরপাল্লার বাসে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেলগুলিকেও পরীক্ষা করা হচ্ছে। কারণ, মোটরসাইকেলে এসে বিভিন্ন জায়গায় আগুন লাগানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বুধবার ঢাকার বাড্ডা, রামপুরা এবং হাতিরঝিল এলাকায় পুলিশের তল্লাশিচৌকি দেখা যায়। সেখানে দূরপাল্লার বাস, যাত্রীদের ব্যাগ এবং মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। পুলিশের আধিকারিকদের বক্তব্য, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও নাশকতার ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ব্লক রেইড ও চেকপোস্টের কাজও চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কর্মসূচির প্রচার খতিয়ে দেখা হচ্ছে। সেগুলির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে জোর (Bangladesh Police Station Attack)
গোপালগঞ্জে বড় সংখ্যায় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকার পরেও টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সেখানে ২ হাজার পুলিশকর্মী, ১০ প্লাটুন বিজিবি এবং এসআরবি মোতায়েন করা হয়েছিল। তার পরেও হামলা আটকানো যায়নি। তাঁর মতে, শুধু নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়ে নাশকতা ঠেকানো সম্ভব নয়। তাই আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন জায়গায় তল্লাশিচৌকি বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানিয়েছেন, কোনও নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা বিঘ্নিত করা, হিংসা ছড়ানো কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না। তবে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় কোনও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে।
মেহেরপুর থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার (Bangladesh Police Station Attack)
এদিকে ঢাকায় নাশকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার আনার অভিযোগ সামনে এসেছে। বুধবার বিকেলে ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তাঁর দাবি, রাজধানীর মিরপুর-সহ বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। সেই উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করা হয়। এই ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র এবং ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)।
ডিবি প্রধানের দাবি, জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, মেহেরপুরের এক ছাত্রলীগ নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করা হয়েছিল। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে তা ইব্রাহিম হোসেন ও মেঘলা মিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য ঢাকায় আনা হয়। এই কাজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ ও সমন্বয় করছিলেন বলেও অভিযোগ।

অন্যদিকে, বুধবার ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগেই তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সব মিলিয়ে বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নাশকতা রুখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, অর্থের জোগান বন্ধ এবং রাষ্ট্রীয় স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করাকেই এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছে পুলিশ।











