Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বাংলাদেশে লকডাউন ঘিরে তাণ্ডব! ৪ জেলায় মৃত ৪, আটক প্রাক্তন শিক্ষামন্ত্রী ও অভিনেত্রী

রণিতা সাহা
Published On: নভেম্বর 19, 2026 12:00 অপরাহ্ন

Bangladesh Lockdown Violence: বাংলাদেশে আওয়ামি লিগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবারের কর্মসূচির আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত অন্তত ২১টি জেলায় অশান্তির খবর সামনে এসেছে। এই সংঘর্ষ ও হামলার ঘটনায় গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও পিরোজপুরে মোট চারজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। বিমানবন্দরগুলিকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। বুধবার গভীর রাতে উত্তরার বাড়ি থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকাকে আটক করে পুলিশ। দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

২১ জেলায় হামলা, অগ্নিসংযোগ (Bangladesh Lockdown Violence)

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে আগুন, পুলিশের গাড়িতে হামলা এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। কোথাও আবার ফাঁকা গুলির শব্দেও আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার রাত পর্যন্ত অন্তত ২১টি জেলায় হিংসার ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

গোপালগঞ্জে সবচেয়ে বেশি উত্তেজনা (Bangladesh Lockdown Violence)

গোপালগঞ্জে পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার পর থেকে এখনও থানার স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। আগুনে পুলিশের ন’টি সরকারি গাড়ি পুড়ে গিয়েছে। থানার ওসি বা জেলা পুলিশের পক্ষ থেকে কবে থেকে আবার কাজ শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময় জানানো হয়নি।

এ ছাড়াও স্থানীয় বিএনপি সাংসদ ডা. কে এম বাবরের ক্লিনিকে হামলা চালানো হয়। ক্লিনিকের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কাশিয়ানীতে বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সাজাইল ইউনিয়নে জামাত সভাপতির দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

ঢাকার একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণ (Bangladesh Lockdown Violence)

রাজধানী ঢাকাতেও একের পর এক হামলার ঘটনা সামনে এসেছে। রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও এবং বনানীসহ অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মিরপুরের ১৩ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। লাঠি এবং ইট-পাটকেল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

অন্যদিকে, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাবনা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের শাখাতেও আগুন লাগানো হয়েছে বলে খবর।

চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন (Bangladesh Lockdown Violence)

পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সতর্ক পাহারা চলছে। চট্টগ্রামের পাঁচটি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেশের বিমানবন্দরগুলিকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন ঘিরে আরও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখছে প্রশাসন।

আটক প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (Bangladesh Lockdown Violence)

এই অশান্তির মধ্যেই বুধবার গভীর রাতে আটক করা হয় বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। রাত আড়াইটে নাগাদ রাজধানীর উত্তরার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) কেন্দ্রের প্রাক্তন সাংসদ। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামি লিগ সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। টানা ১০ বছর বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও আটক (Bangladesh Lockdown Violence)

অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন জ্যোতিকা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা জ্যোতিকা নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। লকডাউন কর্মসূচিকে ঘিরে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, অন্যদিকে তেমনই চলছে ধরপাকড়। সব মিলিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now