Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশে ফের শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৩টি পোশাক কারখানা

শম্পা পাল
Published On: নভেম্বর 15, 2026 11:59 অপরাহ্ন
Bangladesh Garment Workers Protest in Gazipur over minimum wage demands, leading to the closure of 13 garment factories.

Bangladesh Garment Workers Protest: মজুরি বৃদ্ধির দাবিতে ফের অশান্তি ছড়াল বাংলাদেশের পোশাকশিল্পে। রবিবার গাজীপুরের কোনাবাড়ি ও মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি পোশাক কারখানা। পাশাপাশি পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা মালিকদের দাবি, শিল্পাঞ্চলে সব মিলিয়ে বন্ধ রয়েছে ৫০টি কারখানা।

বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও শব্দবোমা ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ১৩টি দল। পাশাপাশি পুলিশ, আনসার বাহিনী এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পথে পোশাকশিল্পের শ্রমিকেরা (Bangladesh Garment Workers Protest)

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, খাবার, বাড়িভাড়া, যাতায়াত ও চিকিৎসার খরচ বাড়লেও সেই অনুপাতে আয় বাড়েনি। তাই জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করার দাবিতে একাধিক শিল্পাঞ্চলে প্রতিবাদ চলছে।

এই পরিস্থিতিতে আগামী সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক হওয়ার কথা। গত ১ নভেম্বর সরকার এই বোর্ড গঠন করেছিল। চলতি নভেম্বরের শেষের মধ্যে নতুন মজুরি কাঠামোর সুপারিশ চূড়ান্ত করার কথা বোর্ডের। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে পারে। সেই অনুযায়ী, জানুয়ারি মাসে নতুন হারে প্রথম বেতন পাওয়ার কথা শ্রমিকদের।

মজুরি বোর্ডের বৈঠকের আগে উদ্বেগে কারখানা মালিকেরা (Bangladesh Garment Workers Protest)

বাংলাদেশের পোশাকশিল্প দেশের রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয় এবং এই ক্ষেত্রে চার কোটিরও বেশি মানুষ কর্মরত। ফলে দীর্ঘদিন উৎপাদন ব্যাহত হলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য সরবরাহে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কারখানা মালিকেরা। বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মের পোশাকের বরাতের গুরুত্বপূর্ণ সময়ে অস্থিরতা চলতে থাকলে পণ্য পাঠাতে দেরি, বরাত বাতিল এবং বিদেশি ক্রেতাদের আস্থা কমার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি জানিয়েছে, সোমবারের মজুরি বোর্ডের বৈঠকে তাদের প্রতিনিধিরা প্রস্তাব জমা দেবেন। তবে পরবর্তী বৈঠকগুলিতে তারা অংশ নেবে কি না, তা পরিস্থিতির উপর নির্ভর করবে।

এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহেও শ্রমিক বিক্ষোভ ঘিরে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। শনিবারই কারখানা মালিকেরা সতর্ক করেছিলেন, যে সব কারখানায় শ্রমিকেরা কাজে ফিরবেন না, সেগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হতে পারে। রবিবারের নতুন অশান্তির জেরে সেই আশঙ্কাই আরও বেড়েছে।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now