Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল, ডিসেম্বরের আগে কেন এই পরিবর্তন? কী বলছে সংবাদমাধ্যম?

শম্পা পাল
Published On: নভেম্বর 16, 2026 7:08 অপরাহ্ন
Bangladesh Army Reshuffle at the senior leadership level ahead of December, raising questions about the reasons behind the changes.

Bangladesh Army Reshuffle: সাত মেজর জেনারেলের নতুন দায়িত্ব, তিন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি এবং দুই কর্মকর্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি—একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘিরে উঠছে নানা প্রশ্ন। তবে এই রদবদলের কারণ সম্পর্কে সরকারি ব্যাখ্যা কী, আর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনেই বা কী উঠে এসেছে?

বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল ঘিরে আলোচনা শুরু হয়েছে। সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে উন্নীত করার সিদ্ধান্তের কথাও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। কয়েকটি পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বেও নতুন মুখ এসেছেন। দুই মেজর জেনারেলকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির খবর প্রকাশিত হয়েছে, যাঁদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সম্ভাবনার কথাও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবী করা হয়েছে।

এই পরিবর্তন এমন সময়ে সামনে এসেছে, যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার সম্ভাব্য ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবর এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে নানা আলোচনা চলছে।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এটি কী সেনাবাহিনীর নিয়মিত বদলি ও পদোন্নতির অংশ, নাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বদলি করা হয়েছে?

কোন কোন পদে বদল, কারা পেলেন নতুন দায়িত্ব? (Bangladesh Army Reshuffle)

১৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বাংলাদেশের গণমাধ্যম ”ঢাকা টাইমস” তাদের প্রতিবেদনে দাবী করা হয়, সেনাবাহিনীর সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। চারটি পদাতিক ডিভিশনের অধিনায়ক পদ-সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শান্তিরক্ষা কার্যক্রমের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক করা হয়েছে। এই বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে শান্তিরক্ষা কার্যক্রমের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কমান্ড্যান্ট করার কথা জানানো হয়েছে। ওই প্রতিষ্ঠানের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীউর রহমানকে আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক করা হয়েছে।

পদাতিক ডিভিশনের দায়িত্বেও একাধিক পরিবর্তনের কথা জানিয়েছে ওই সংবাদমাধ্যমটি। জাতীয় প্রতিরক্ষা কলেজে কর্মরত মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের অধিনায়ক করা হয়েছে। ওই ডিভিশনের বিদায়ী অধিনায়ক মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইন পদোন্নতির পর যথাক্রমে ১১ ও ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজে সেনাবাহিনীর সিনিয়র নির্দেশক কর্মী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ১৫ নভেম্বরের বেসরকারি টিভি চ্যানেল ”চ্যানেল আই”-এর অনলাইন পোর্টালের প্রতিবেদনেও সাত মেজর জেনারেলের নতুন দায়িত্ব এবং তিন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতির কথা বলা হয়েছে।

দুই কর্মকর্তার রাষ্ট্রদূত হওয়ার বিষয়টিও কি এই রদবদলের অংশ? (Bangladesh Army Reshuffle)

১৫ নভেম্বর ২০২৬ সারাবাংলা পোর্টালের ইংলিশ ভার্সনের প্রতিবেদনে জানানো হয়েছে, মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে হাফিজুর রহমান ৫৫ পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন এবং সাঈদ আনোয়ার মাহমুদ ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়কের পাশাপাশি ঘাটাইল এলাকার দায়িত্বেও ছিলেন।

১৫ নভেম্বর দেশটির অন্যতম জনপ্রিয় গ্রহণযোগ্য ডিজিটাল সংবাদ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদনেও দুই মেজর জেনারেলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের কথা রয়েছে।
আর সেখানেও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। একই প্রতিবেদনে মেজর জেনারেল তৌহিদুল আহমেদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হওয়া এবং মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানের আন্তর্জাতিক ও কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।

BAN MILITARY - বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল, ডিসেম্বরের আগে কেন এই পরিবর্তন? কী বলছে সংবাদমাধ্যম?

কেন এই সময়ে রদবদল? (Bangladesh Army Reshuffle)

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই—কেন এই সময়ে সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে এতগুলি পরিবর্তন আনা হল? ১৫ নভেম্বরের ঢাকা টাইমসের প্রতিবেদন, সারাবাংলা ইংলিশের প্রতিবেদন, বিডিনিউজ টোয়েন্টিফোরের খবর এবং ১৬ নভেম্বর প্রকাশিত দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে পদোন্নতির তথ্য থাকলেও রদবদলের পেছনে কোনও নির্দিষ্ট রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণের কথা জানানো হয়নি।

ডিসেম্বর, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ (Bangladesh Army Reshuffle)

এই রদবদল নিয়ে আলোচনা আরও বাড়ার একটি কারণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ডিসেম্বর মাসকে ঘিরে যে আলোচনা রয়েছে, তার সঙ্গে সেনাবাহিনীর এই পরিবর্তনের কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহে তৎকালীন সেনাবাহিনীর ভূমিকা নিয়েও বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় নানা প্রসঙ্গ উঠে এসেছে।

চ্যানেল আই অনলাইনের ১৫ নভেম্বরের প্রতিবেদনে সাংবাদিক জুলকারনাইন সায়েরের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টের ভিত্তিতে রদবদলের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

আপাতত নিশ্চিত কী, আর কোন প্রশ্নের উত্তর মেলেনি?

এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে কয়েকটি বিষয় স্পষ্ট। বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ে একাধিক পদে রদবদল হয়েছে। সাতজন মেজর জেনারেল নতুন দায়িত্ব পেয়েছেন এবং তিনজন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

কিন্তু এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ কী, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ কি না, ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে কি না—এই প্রশ্নগুলির কোনও নিশ্চিত উত্তর সরকারিভাবে বা বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায় থেকে এখনো আসেনি। তবে বর্তমান সময়টি যেখানে হাসিনার ফেরা ইস্যুতে তুমুল আলোচনায় সেখানে সেনাবাহিনী এমন রদবদলের বিষয়টি রুটিন হলেও আলোচনার জন্ম দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now