Awami League Political Ban: আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, গত ১৫-১৬ বছরের শাসনকালে অগণতান্ত্রিক কার্যকলাপ, গণহত্যা এবং নির্যাতনের অভিযোগের জেরে দলটি দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।
অভিযোগ কী? (Awami League Political Ban)
মঙ্গলবার, ১৭ নভেম্বর জাতীয় সংসদে একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী, সাংসদ ও নেতাকর্মীদের একাংশ দেশের বাইরে থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দোকানপাটে হামলার ঘটনাও আলোচনায় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ছবি ও শব্দের নথি সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের নেতারা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার বিবেচনা করছে।










