Armed Forces Modernization: দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিরাপত্তায় নতুন পরিকল্পনা (Bangladesh Military Modernization)
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা করাও অত্যন্ত জরুরি। তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে সরকার নতুন পরিকল্পনাও গ্রহণ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, চালকবিহীন আকাশযান, বৈদ্যুতিন যুদ্ধপ্রযুক্তি এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সশস্ত্র বাহিনীর শক্তি ও সাফল্যের জন্য শৃঙ্খলা এবং নেতৃত্বের ধারাবাহিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।”

২০৩০ সালের মধ্যে এক পদ, এক পেনশন ব্যবস্থা চালু (Armed Forces Modernization)
তারেক রহমান জানান, বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাগত উন্নয়নের পাশাপাশি তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণেও সরকার আন্তরিক। এই উদ্দেশ্যে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নত করার জন্য ইতিমধ্যেই একটি পর্ষদ গঠন করা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে এক পদ, এক পেনশন ব্যবস্থা চালু করাসহ সশস্ত্র বাহিনীর বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষায় বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন। তাঁদের এই ভূমিকার জন্য দেশের মানুষ গর্বিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাগুলিতে সশস্ত্র বাহিনী দেশের ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠার কাজে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা প্রত্যেকের কর্তব্য। একই সঙ্গে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হবে।










