Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

‘বীর মুক্তিযোদ্ধারা অনন্য, অসাধারণ’, সশস্ত্র বাহিনী দিবসে বললেন তারেক রহমান

শম্পা পাল
Published On: নভেম্বর 21, 2026 1:27 অপরাহ্ন
Armed Forces Day Bangladesh: Tarique Rahman paying tribute to decorated freedom fighters at Dhaka Cantonment.

Armed Forces Day Bangladesh: মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব, বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তাঁর সরকার বদ্ধপরিকর। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর সেনানিদের অবদান স্মরণ করে তাঁদের ‘অনন্য’ ও ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, স্বাধীনতার ইতিহাস এবং তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্বের প্রসঙ্গ।

শনিবার, ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের বহুমুখী হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে যাঁরা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলেন, তাঁদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব।

মুক্তিযোদ্ধারা কেন অনন্য, ব্যাখ্যা প্রধানমন্ত্রীর (Armed Forces Day Bangladesh)

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য যাঁরা বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন, তাঁদের কৃতিত্ব অবশ্যই স্মরণীয়। তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব আরও বড় বিষয়। জীবনে প্রত্যেকের পক্ষে এমন গৌরব অর্জন করা সম্ভব হয় না। সেই কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্বের শিকার হয়েছেন। তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিযুদ্ধের সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতিও সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব (Bangladesh Armed Forces Day 2026)

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মানিত করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এদিন সম্মানী এবং সংবর্ধনা পেয়েছেন, তাঁদের সম্মান জানিয়ে রাষ্ট্র নিজের দায়িত্ব পালনের চেষ্টা করছে। তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখা হবে।

জিয়াউর রহমানের প্রসঙ্গও তুললেন তারেক রহমান

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। তাঁর এই পরিচয় সশস্ত্র বাহিনীর জন্যও গর্বের বিষয় বলে মন্তব্য করেন তারেক রহমান। মুক্তিযোদ্ধাদের গৌরব ও সাফল্য দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রকের প্রতিষ্ঠা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? (Bangladesh Freedom Fighters)

বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া কয়েকটি পদক্ষেপের কথাও। তিনি জানান, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রক প্রতিষ্ঠা করেছিলেন। এর পর ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয় বলেও উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের গৌরব অক্ষুণ্ণ রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে এই পদক্ষেপগুলি গুরুত্বপূর্ণ ছিল।

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ার অঙ্গীকার (Armed Forces Day Speech)

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে দেশ স্বাধীন করেছেন, সেই দেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এ প্রসঙ্গে তিনি বর্তমান বাংলাদেশকে ‘ফ্যাসিবাদমুক্ত’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

শম্পা পাল

শম্পা পাল

বাংলা বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর চলছে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ও লেখার অভ্যাস, ২০২৩ সালে সাংবাদিকতা পেশায় পথচলা শুরু। এরপর একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে প্রথম কলকাতায় ওয়েব কনটেন্ট ক্রিয়েটর ও ফিচার লেখক হিসেবে কাজ করছি, সাংবাদিকতার পাশাপাশি বই পড়া, গান শোনা ও গাওয়া এবং ছবি আঁকতেও ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now