Bank Strike: ব্যাঙ্ক ইউনিয়নগুলির প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের কারণে টানা পাঁচ দিন পরিষেবা স্তব্ধ হওয়ার আশঙ্কায় আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা খোলা রাখার নির্দেশ দিল কেন্দ্র।
Bank Strike: মুম্বই: দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার, দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শনিবার ও রবিবার পড়ায় সাধারণ পরিস্থিতিতে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকত। কারণ ২৬ সেপ্টেম্বর হচ্ছে মাসের চতুর্থ শনিবার। যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকে। আর রবিবার তো এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে উৎসবের মরশুমের ঠিক আগে টানা পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা লাটে ওঠার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে আগামী রবিবার সব ব্যাঙ্ক খোলা থাকবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল। একইসঙ্গে ওই দিন ব্যাঙ্কের শাখা, অফিস, এটিএম-সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট খোলা রাখার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের দিন। ফলে ওই সময়ে ধর্মঘট হলে গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি লেনদেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব পড়তে পারে। রবিবার ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত সেই সম্ভাব্য চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে।
এদিকে কেন্দ্রীয় সরকার এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষ ধর্মঘট না করার আবেদন জানিয়েছে। অর্থ মন্ত্রকের বক্তব্য, ইউনিয়নগুলির একাধিক দাবির মধ্যে পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই নিয়ে একটি দাবি ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে। পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবি নিয়ে আলোচনার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার ইউএফবিইউ প্রতিনিধি এবং উপ-মুখ্য শ্রম কমিশনারের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তা অমীমাংসিত থেকে যায়। অর্থ মন্ত্রক বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর প্রস্তাবিত ধর্মঘটটি ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটির পর অনুষ্ঠিত হওয়ার কথা, যা গ্রাহকদের দীর্ঘ সময় ধরে অসুবিধার কারণ হতে পারত। মন্ত্রক বলেছে, “সাধারণ জনগণের অত্যাবশ্যকীয় ব্যাঙ্কিং চাহিদা যাতে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সকল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি রবিবার, ২৭ সেপ্টেম্বর স্বাভাবিকভাবে কাজ পরিচালনা করবে।”
#BankStrike #BankingNews #PublicSectorBanks #UFBU #IndiaBanking














