Indus Waters Treaty: নয়াদিল্লি: সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিল ভারত। ইসলামাবাদের মিথ্যাচার যে বেড়েই চলেছে তা একাধিকবার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মহল। এবার জলচুক্তির বিষয় উত্থাপন করে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশ জানাল ইসলামাবাদ। পাল্টা পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করে ভারতের স্পষ্ট দাবি, ‘যে নির্দেশকে হাতিয়ার করে ওরা মিথ্যাচার করছে সেই ট্রাইব্যুনাল অবৈধভাবে গঠিত।’ সংবাদ সংস্থার খবর, ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ইসলামাবাদ বিশ্বমঞ্চে অসত্য তথ্য ও ভুয়ো প্রচার চালাচ্ছে। পাকিস্তান যে সালিশি আদালতের রায় নিয়ে বড়াই করছে, তা আসলে একটি অবৈধভাবে গঠিত সংস্থা। এই প্যানেলটির কোনও আইনি বৈধতা নেই এবং ভারতের সার্বভৌম সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের এক্তিয়ারও তাদের নেই।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়। দিল্লি স্পষ্ট জানায়, পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদে সমর্থন যোগানো বন্ধ করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। এরপরই এক ‘সালিশি আদালতের’ দ্বারস্থ হয় পাকিস্তান। যে আদালত সম্প্রতি রায় দিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত আন্তর্জাতিক আদালতের অনুমোদিত নয়, ভারতের একতরফা সিদ্ধান্ত। একইসঙ্গে বলা হয় সিন্ধু জলচুক্তি এখনও কার্যকর রয়েছে। এরপর বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুখপাত্র রণধীর জয়সওয়াল ‘বিদ্বেষপূর্ণ অপপ্রচার’ চালানোর জন্য ইসলামাবাদের তীব্র সমালোচনা করার পাশাপাশি ‘পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন’-র রায়ের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “নিজের বিদ্বেষপূর্ণ প্রচারণার স্বার্থে তথ্য বিকৃত করা এবং মিথ্যা প্রচার চালানো পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। প্রথমেই বলে রাখা ভাল, পাকিস্তানি মন্ত্রী যেটিকে ‘রায়’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, সেটি আসলে ‘পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন’-র কোনও রায় নয়। বরং এটি একটি বেআইনিভাবে গঠিত আদালতের রায়।”
#IndusWatersTreaty #IndiaPakistan #ForeignAffairs #Diplomacy













