Modi Xi Meeting: নয়াদিল্লি: ঠিক যেমনটি ঠিক ছিল। একদিকে চিন। অন্যদিকে বাংলাদেশ। আবার রয়েছে আমেরিকা। স্বাভাবিকভাবে বেজিং-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে।
ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর। ৫০ মিনিট তাঁদের বৈঠক হয়। সাম্প্রতিক সময়ে ভারত-চিন সম্পর্কের বরফ গলার আবহে এই বৈঠকে মূলত সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতেই শি জিনপিংকে ভারতে স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারতের ব্রিকস সভাপতিত্বে চিনের সমর্থন ও সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য তাঁদের সামনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, ভারত ও চিনকে আরও বড় ‘গ্লোবাল রোল’ পালন করার আহ্বান জানান শি জিনপিং। দুই দেশ একে অপরের শক্তি থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। উচ্চমানের উন্নয়ন এবং ব্রিকসের মধ্যে আরও বেশি সহযোগিতার উপরও জোর দেন চিনা প্রেসিডেন্ট।
জিনপিং বলেন, দুই দেশের জাতীয় পরিস্থিতি আলাদা হলেও একে অপরের শক্তি থেকে শিক্ষা নেওয়া, পরস্পরকে সহযোগিতা করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করা সম্ভব। ভারত-চিন সম্পর্ককে চিন সবসময় কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে দেখে বলেও জানান তিনি। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সাম্প্রতিক সময়ে তা কিছুটা কমেছে। তবে সীমান্ত সংক্রান্ত বিষয় এখনও দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। অরুণাচল প্রদেশ নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।
২০১৯ সালে শেষ বার ভারতে এসেছিলেন জিনপিং। তার পরেই ২০২০-তে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনী সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। তাকে কেন্দ্র করে মাসের পর মাস দুই দেশের সম্পর্ক ছিল তলানিতে। তবে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ঘটেছে। দু’বার জিনপিঙের সঙ্গে দেখা করেছেন মোদি। তবে চিনের প্রেসিডেন্ট ভারত সফরে আসছেন সাত বছর পর। ব্রিক্স সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। তাতে যোগ দিতে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। মোদির সঙ্গে তাঁদের দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গিয়েছে। জিনপিঙের সঙ্গে শনিবার বিকেলের বৈঠক নিয়েও নানা মহলে কৌতূহল ছিল তুঙ্গে।
#ModiXiMeeting #NarendraModi #XiJinping #IndiaChinaRelations #ModiXiJinping #BRICSSummit2026 #IndiaChinaMeeting














