Aadhaar GST Registration: নয়াদিল্লি: জিএসটির জন্য এবার বাধ্যতামূলক হচ্ছে আধার। নতুন করে জিএসটি রেজিস্ট্রেশন করতে গেলে বায়োমেট্রিক ভিত্তিক যাচাই করেই তা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। দিল্লি হাই কোর্ট অন্তর্বর্তী নির্দেশে দেশের সব জিএসটি কর্তৃপক্ষকে বায়োমেট্রিক আধার যাচাই ছাড়া নতুন জিএসটি রেজিস্ট্রেশন না দেওয়ার নির্দেশ দিয়েছে।
প্রকৃতপক্ষে জাল জিএসটি রেজিস্ট্রেশন আটকানোই এই নির্দেশের মূল লক্ষ্য। অভিযোগ ছিল, সাধারণ মানুষের প্যান ও আধারের তথ্য ব্যবহার করে তাঁদের অজান্তেই জিএসটি রেজিস্ট্রেশন করা হচ্ছে। এর মাধ্যমে প্রতারণা এবং কর ফাঁকির ঘটনা ঘটছে। এ সংক্রান্ত একটি মামলা শুনতে গিয়ে আদালত জানতে পারে, সরকার আগে জানিয়েছিল জিএসটি রেজিস্ট্রেশনে বায়োমেট্রিক আধার যাচাই বাধ্যতামূলক করা হবে। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেটি পুরোপুরি কার্যকর হয়নি। এত দিন মূলত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত আবেদনেই এই বায়োমেট্রিক যাচাই করা হচ্ছিল। ফলে প্রকৃত ব্যবসার ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশনে আরও একটি যাচাইয়ের ধাপ যোগ হবে। তবে এতে অন্যের প্যান ও আধারের অপব্যবহার করে জাল রেজিস্ট্রেশন তৈরির ঝুঁকি কমতে পারে।
২০২৩-২৪ সালে চুরি বা জাল প্যান ও আধারের তথ্য ব্যবহার করে ২,৮০০টি জাল জিএসটি রেজিস্ট্রেশন ধরা পড়ে। এর সঙ্গে ১৫০৮৫ কোটি টাকার কর ফাঁকি জড়িত ছিল বলে জানা যায়। ২০২৪-’২৫ সালে আরও ১৬৫৪টি এমন রেজিস্ট্রেশন ধরা পড়ে। এ ক্ষেত্রে কর ফাঁকির পরিমাণ ছিল ১৩,১০৯ কোটি টাকা। আধার যাচাই করে জিএসটি রেজিস্ট্রেশন করা হলে জালিয়াতি ও কর ফাঁকি এড়ানো যাবে নিশ্চিতভাবেই।
#AadhaarGSTRegistration #GSTRegistration #BiometricAadhaarVerification #GSTAadhaarVerification #GSTFraudPrevention #GSTRegistrationRules #GSTAuthority













