প্রথম কলকাতা : বিয়ের আগেই ভেঙে গেল সম্পর্ক। নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তারকাযুগলের। তার আগেই প্রেম ভাঙল অনুষা-আদিত্যর। হঠাৎ কী হল তারকা যুগলের? কী কারণে বিচ্ছেদ? টলিপাড়ার গুঞ্জন, অনুষাই নাকি সম্পর্ক থেকে সরে এসেছেন। ক্যারিয়ারের কারণেই এখন বিয়ে করতে চান না, নাকি অনুষার জীবনে অন্য পুরুষের আগমন?
টলিপাড়ায় সম্পর্ক ভাঙার খবর নতুন নয়। অহরহ ভাঙনের খবরে সরগরম বাংলার সিনেমাপাড়া। কখনও তারকাদের প্রেম ভাঙার খবরে উত্তাল হয়েছে টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। এবার অনুষা-আদিত্যর সম্পর্ক ভাঙার খবরে মনখারাপ ঘনিষ্ঠমহলের। কিন্তু কি কারণে বিয়ের আগে হঠাৎ করে সম্পর্কে ফাটল?
অনুষা প্রেম নিয়ে কোনদিনও লুকোচাপা করেননি। তার সঙ্গে আদিত্য সম্পর্ক প্রথম থেকেই প্রকাশ্যে। দুজনের প্রায় বছর দুয়েকের সম্পর্ক ছিল। নতুন বছরেই দুজনের বিয়ে হওয়ার কথা। দুই পরিবারে অনুষ্ঠানের তোড়জড়ো শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। বেশ কিছুদিন ধরেই বিয়ের পরিকল্পনা নিয়ে সেভাবে মুখ খোলেননি অনুষা কিংবা আদিত্যর কেউই। ঘনিষ্ঠ সূত্রে খবর, ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তারকাযুগলের। কিন্তু তার আগেই সম্পর্কে ভাঙ্গনের খবর সামনে এলো।
টলিপাড়ার গুঞ্জন, অভিনেত্রীই নাকি বিয়েতে অমত করেছেন। আবার এও শোনা যাচ্ছে যে, দুজনের বোঝাপড়াতেই নাকি সম্পর্কে ইতি টেনেছেন। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। এদিকে সোশাল পাড়ায় উঁকি দিতেই অভিনেত্রীর অ্যাকাউন্টে এখনও আদিত্য সেনগুপ্তর সঙ্গে ছবি জ্বলজ্বল করছে। তবে আদিত্যর একাউন্টে খুব একটা দেখা যাচ্ছে না অনুষার ছবি। যদিও অশোক বিশ্বনাথন, মধুমন্তী মৈত্রকন্যা অনুষা এবং খেয়ালি ঘোষদস্তিদার, অরিন্দম গঙ্গোপাধ্যায়পুত্র আদিত্যর বিচ্ছেদের নেপথ্যের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘনিষ্ঠ সূত্রে খবর, মাসকয়েক আগেই নাকি ভেঙেছে দুজনের সম্পর্ক। বিষয়টি প্রকাশ্যে আসতে দেয়নি দুই পরিবার।
