Sudeshna Bone Marrow Transplant: মাত্র ২১ বছর বয়সেই কর্কট রোগের সঙ্গে লড়াই করছেন সুদেষ্ণা। সুস্থ জীবনে ফিরতে তাঁর প্রয়োজন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। চিকিৎসার জন্য প্রয়োজন ২০ লক্ষেরও বেশি টাকা, যা জোগাড় করাই এখন পরিবারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিখেছেন সোমা মাইতি
একটি ছোট ক্যানভাস, হাতে পেন্সিল আর কেমোথেরাপির তীব্র যন্ত্রণা। হাসপাতালের চার দেওয়ালের মধ্যেও থেমে নেই ছবি আঁকা। শরীরে মারণ রোগের থাবা, অথচ মনের ভিতরের শিল্পীসত্তাকে এখনও হার মানতে দেয়নি ২১ বছরের সুদেষ্ণা কর্মকার। জীবনকে নতুন করে আঁকার অদম্য জেদ নিয়েই লড়াই করে চলেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের এই তরুণী। সুদেষ্ণা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। রাজ্যস্তরে পুরস্কারপ্রাপ্ত এই প্রতিভাবান শিল্পী ছবি আঁকার পাশাপাশি কবিতা পাঠেও পারদর্শী। একসময় যার সৃষ্টিশীলতায় জীবন নানা রঙে রঙিন হয়ে উঠত, আজ তাঁর নিজের জীবনেই নেমে এসেছে অন্ধকার।
তবে অসুস্থতার মধ্যেও শিল্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি সুদেষ্ণা। হাসপাতালের বিছানায় বসেই খাতা-পেন্সিল হাতে ছবি এঁকে চলেছে সে। যেন ক্যানভাসের প্রতিটি রেখায় ফুটে উঠছে তার বেঁচে থাকার ইচ্ছা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুদেষ্ণার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকেরা দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানোর পরামর্শ দিয়েছেন। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই এই চিকিৎসা করানো প্রয়োজন বলে পরিবার জানিয়েছে। সুদেষ্ণার ১১ বছরের ছোট বোনের সঙ্গে বোন ম্যারোর মিলও পাওয়া গিয়েছে বলে পরিবারের দাবি। ফলে ট্রান্সপ্লান্টের মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই চিকিৎসার খরচই এখন সবচেয়ে বড় বাধা।
সুদেষ্ণার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকারও বেশি। সাধারণ পরিবারের পক্ষে এত অল্প সময়ের মধ্যে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বাবা সুজিত কর্মকার এবং তাঁর পরিবার। একদিকে মেয়েকে সুস্থ করে তোলার লড়াই, অন্যদিকে বিপুল চিকিৎসা খরচ দুইয়ের মাঝে দিশেহারা পরিবার। সুদেষ্ণার বাবা সাধারণ মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর আশা, সমাজের মানুষ পাশে দাঁড়ালে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সম্ভব হবে এবং মেয়েটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
একদিন যে হাত ক্যানভাসে রং ছড়িয়ে জীবনের গল্প বলত, আজ সেই হাতই বেঁচে থাকার লড়াইয়ে আঁকড়ে ধরেছে আশাকে। সময় খুব কম, কিন্তু স্বপ্ন এখনও অনেক। সুদেষ্ণার সামনে শুধু একটি কঠিন চিকিৎসা নয়, অপেক্ষা করছে তাঁর অসম্পূর্ণ ছবি, কবিতা, শিল্পীজীবন এবং অসংখ্য স্বপ্ন। মানুষের একটু সহমর্মিতা, একটু আর্থিক সহযোগিতাই হয়তো বদলে দিতে পারে ২১ বছরের এই তরুণ শিল্পীর জীবনের গল্প।অন্ধকারকে হারিয়ে সুদেষ্ণার জীবনের ক্যানভাসে আবার ফিরুক রং এই প্রার্থনাই এখন তাঁর পরিবারের।
#sudeshnabonemarrowtransplant #sudeshnacancertreatment #bonemarrowtransplant #cancertreatment #cancerpatient #youngcancerpatient #bonemarrowdonation #cancersupport #medicalfundraising #cancerawareness #cancertreatmentcost #bonemarrowtransplantcost #sudeshnastory #humanintereststory #healthnews













