Shashi Tharoor English Mistake: নয়াদিল্লি: ইংরাজি ভাষায় তাঁকে কেমব্রিজের সমার্থক ধরা হয়। কেউ কেউ তো ইংরাজি শেখার ক্ষেত্রে শশী থারুরকে ‘গুরু’ মানেন। অথচ সেই থারুরেরই কিনা ইংরাজিতে ভুল! আপাত অসম্ভব মনে হলেও এটাই খাঁটি বাস্তব। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অতি সাধারণ একটি ভুল করে বসেছেন থারুর। নিজেই অবশ্য সেই ভুল ধরেছেন তিনি। তা নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়। সকলে বলছেন, অতি বিদ্বানদেরও ভুল হয়।
শশী থারুরের ভুলটা ঠিক কী, যা নিয়ে এত তোলপাড় সোশাল মিডিয়ায়? গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন। এমন বিশেষ দিনে তাঁকে রাজনৈতিক মহলের প্রায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। ব্যতিক্রম ছিলেন না শশী থারুরও। তিনিও নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আর সেখানেই ভুল! ইংরেজিতে থারুর লিখেছেন, ‘Warm greetings to Prime Minister @narendramodi in his 76th birthday. Wishing him a very happy day and a healthy and fulfilling year ahead. My best wishes to him on this occasion for continued public service to our beloved nation.’ প্রথম লাইনে ‘ইন’ শব্দটি ব্যাকরণগতভাবে ভুল, সঠিক শব্দ ‘অন’।
আর এই ইংরেজির ভুল নিয়েই নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন তিরুঅনন্তপুরমের সাংসদ। থারুরের সেই পোস্টের নিচে এই ভুল ধরিয়ে একের পর এক কমেন্ট। সকলেই বিস্মিত হয়ে লিখেছেন, এমন ব্যাকরণ ভুল করলেন শশী থারুরের মতো মানুষ! যদিও তাঁদের সেসব মন্তব্য মোটেই অগ্রাহ্য করেননি সাংসদ। বরং স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ‘ওখানে ‘ইন’-এর বদলে ‘অন’ শব্দটি হত। দুর্ভাগ্যজনকভাবে এমন ভুল হয়ে গিয়েছে।’














