Latest Newsপ্রসঙ্গিক প্রসঙ্গবাংলাদেশপ্রথম বাংলাকলকাতাভারতবিদেশরাজনীতিক্রিকেটফুটবলবিনোদনভাইরালপ্রযুক্তিলাইফস্টাইলসুস্বাস্থ্যব্যবসাঅফবিটঅন্যান্য
---Advertisement---

মমতা-রাহুলদের বৈঠকেও গলল না বরফ! ডিলিমিটেশন বিলে স্ট্যালিনের সায়, কেন বললেন ‘উপায় নেই’?

রণিতা সাহা
Published On: নভেম্বর 29, 2026 9:59 অপরাহ্ন

Stalin Delimitation Bill: ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী জোট INDIA-র ঐক্যে ফের ধাক্কা। বিলের বিরোধিতা করতে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে ছুটে গিয়েছিলেন বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এমএ বেবির মতো নেতারা। কিন্তু তাঁদের কোনও যুক্তিতেই নিজের অবস্থান বদলাতে রাজি হলেন না স্ট্যালিন। বরং সংসদে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পক্ষেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

সোমবার লোকসভায় পেশ হওয়ার কথা ডিলিমিটেশন বিলের। এতদিন এই বিলের বিরোধিতা করে আসছিল ডিএমকে। কিন্তু সম্প্রতি বিলটিকে সমর্থনের কথা জানান স্ট্যালিন। এরপরই তাঁকে সিদ্ধান্ত বদলানোর জন্য বোঝানোর চেষ্টা শুরু করে INDIA শিবির। সেই উদ্দেশ্যেই রবিবার চেন্নাইয়ে পৌঁছন বিরোধী জোটের শীর্ষ নেতারা।

স্ট্যালিনের বাড়িতে বৈঠক, তবুও বদলাল না অবস্থান (Stalin’s Stand on Delimitation Bill)

রবিবার চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে তাঁর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এমএ বেবি। ডিলিমিটেশন বিলের সম্ভাব্য প্রভাব নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলাননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

বৈঠকের পর ডিএমকে-র তথ্যপ্রযুক্তি বিভাগের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ফেয়ার ডিলিমিটেশন’ নিয়ে দলের অবস্থান একই রয়েছে। স্ট্যালিনের কথায়, প্রস্তাবিত বিলটি পাশ না হলে তামিলনাড়ুর জন্য ন্যূনতম সুরক্ষাটুকুও থাকবে না। ২০২৭ সালে সীমানা পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলি সমস্যায় পড়তে পারে। তাই রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, অতীতেও তাঁদের অবস্থান একই ছিল, এখনও বদলায়নি। তামিলনাড়ুর স্বার্থই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিলকে সমর্থন করা ছাড়া তাঁদের সামনে অন্য কোনও উপায় নেই।

৮৫০ আসনের সংসদ নিয়ে আশঙ্কা রাহুলের (850 Lok Sabha Seats Delimitation Bill)

অন্যদিকে, বৈঠক শেষে রাহুল গান্ধী জানান, স্ট্যালিনের সঙ্গে তাঁদের আলোচনা যথেষ্ট অর্থবহ হয়েছে। নিজেদের মতামত এবং আশঙ্কার কথা তাঁরা তুলে ধরেছেন। রাহুলের দাবি, সীমানা পুনর্বিন্যাসের ফলে লোকসভায় আসনসংখ্যা ৮৫০ হলে এবং বিজেপির হাতে সেই আসন পুনর্বিন্যাসের দায়িত্ব থাকলে দেশের নির্বাচনী কেন্দ্রগুলির চরিত্র বদলে যেতে পারে। এর প্রভাব পড়বে গোটা দেশের উপর। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি, যার মধ্যে তামিলনাড়ুও রয়েছে, ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাহুল আরও বলেন, বিজেপির হাতে এই প্রক্রিয়ার দায়িত্ব তুলে দেওয়া হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর তার প্রভাব পড়তে পারে। তাই স্ট্যালিনকে এই বিষয়ে তাঁদের উদ্বেগ বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। তবে বৈঠকের পরেও নিজের অবস্থানে অনড় স্ট্যালিন। ফলে ডিলিমিটেশন বিল ঘিরে INDIA শিবিরের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হল। এবার সোমবার লোকসভায় বিল পেশ হলে কোন পথে এগোয় রাজনৈতিক সমীকরণ, সেদিকেই নজর থাকবে।

রণিতা সাহা

রণিতা সাহা

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ডিজিটাল নিউস পোর্টালে লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now