Chinmoy Krishna Das: রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (চন্দন কুমার ধর) কারাগারের ভেতরেই তার প্রয়াত মায়ের সম্পন্ন করতে চান। এ জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে আদ্যশ্রাদ্ধ আয়োজনের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন। এর আগে ১০ সেপ্টেম্বর মায়ের মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থায় ও শর্তসাপেক্ষে প্যারোলে ৩ ঘণ্টার মুক্তি পেয়েছিলেন চিন্ময় প্রভু।
তবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তার বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। কয়েক দিন আগে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনের রায় ঘোষণা করেন। ২০২৪ সালের ২৬ নভেম্বর পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছিল। আদালত সেই দুই মামলায় রুল মঞ্জুর করে তাকে জামিন প্রদান করেছেন। তবে অন্যান্য মামলা বহাল থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস।
হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন।
#chinmoykrishnadas #prabhuchinmoykrishnadas #bangladeshnews #sanatanijagaranjote #chinmoydas #bangladeshprison #hindureligion #religiousritual #parolenews #bangladeshpolitics #bangladeshupdate













