Bangladesh Woman Passport Stolen: একদিকে স্বামীকে হারানোর গভীর শোক, অন্যদিকে দেশে ফেরার পথে প্রশাসনিক জটিলতা। স্বামীর চিকিৎসার জন্য ভারতে আসা, কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় স্বামীর। এই অবস্থায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও বিরাটি থেকে হারিয়ে ফেলেছেন নিজের পাসপোর্ট সহ জরুরি নথিপত্র। থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত না হওয়ায় বিকল্প ভ্রমণ নথি দেওয়া হচ্ছে না বাংলাদেশী বধু সম্পা রানী সেনকে, কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে। দ্রুত সমাধানের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন সম্পা। পরে বিজেপি নেতার চাপে পড়ে জিডি নিল পুলিশ। ঘটনার ১০ দিনের মাথায় জিডি নিল পুলিশ।
স্বামীর চিকিৎসার জন্য ভারতে এসে শোকের মুখোমুখি (Bangladesh Woman Passport Stolen)
বাংলাদেশের তপোবাগের বাসিন্দা সম্পা রানী সেনের স্বামী প্রীতিশ সেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি ও হৃদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত স্বামীর চিকিৎসার জন্য গত ১৯ জুন ভারতে আসেন সম্পা। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্বামীর চিকিৎসা শুরু হয়। প্রায় দু’মাস ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। গত ১৮ সেপ্টেম্বর চেন্নাইতেই মৃত্যু হয় প্রীতিশ সেনের।
স্বামীর মৃত্যুর পর সম্পা মানসিকভাবে ভেঙে পড়েন। সেই অবস্থায় আত্মীয়েরা তাঁকে চেন্নাই থেকে কলকাতার বিরাটিতে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। স্বজনদের কাছে আশ্রয় নিয়ে ধীরে ধীরে শোক সামলে ওঠার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু এরপরই নতুন বিপত্তি দেখা দেয়। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই হারিয়ে যায় তাঁর পাসপোর্ট এবং অন্যান্য জরুরি নথিপত্র।
বিরাটি বাজারে চুরি যায় পাসপোর্ট-সহ ব্যাগ
ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর। সেদিন আত্মীয়দের সঙ্গে বিরাটি বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন সম্পা। বাজারের ভিড়ের মধ্যে কোনওভাবে তাঁর ব্যাগটি চুরি হয়ে যায় বলে অভিযোগ। সেই ব্যাগের মধ্যেই ছিল পাসপোর্ট-সহ তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ মূল নথিপত্র। ফলে শুধু অর্থ বা ব্যক্তিগত সামগ্রী হারানোর ঘটনা নয়, বিদেশে অবস্থানরত একজন নাগরিকের পরিচয় ও দেশে ফেরার প্রয়োজনীয় কাগজপত্রও একসঙ্গে হারিয়ে যায়।
এরপর থেকেই শুরু হয় প্রশাসনিক জটিলতা। সম্পার অভিযোগ, ব্যাগ হারানোর বিষয়টি জানাতে নিমতা থানায় গেলে প্রথমে তাঁকে বলা হয়, ব্যাগটি ট্রেনে হারিয়ে গিয়েছে বলে জানাতে হবে। পরের দিন আবার আদালতের হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, এই ধরনের ক্ষেত্রে হলফনামার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই নথির প্রতিলিপি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সমাধানের চেষ্টা করছেন সম্পা। তাঁর অভিযোগ, এত কিছুর পরেও এখনও থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করানো সম্ভব হয়নি। ফলে যে নথিটি তাঁর পরবর্তী পদক্ষেপের জন্য সবচেয়ে জরুরি, সেটিই হাতে পাচ্ছেন না তিনি।
বিকল্প নথি পেতে ভারত সরকারের কাছে আবেদন
পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর দেশে ফেরার জন্য বিকল্প ভ্রমণ নথি পাওয়া এখন সম্পার কাছে সবচেয়ে জরুরি। কিন্তু কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের তরফে জানানো হয়েছে বলে তাঁর অভিযোগ, থানায় করা সাধারণ ডায়েরির প্রতিলিপি ছাড়া নতুন ভ্রমণ অনুমতিপত্র বা বিকল্প নথি দেওয়া সম্ভব নয়। ফলে একদিকে থানায় নথিভুক্তির জটিলতা, অন্যদিকে উপদূতাবাসের প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত— এই দুইয়ের মাঝে আটকে পড়েছেন তিনি।
এদিকে, তাঁর ভিসার মেয়াদও দ্রুত শেষ হওয়ার আশঙ্কা রয়েছে। সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি হাতে না পেলে ভারতে অবস্থান নিয়ে আরও জটিলতা তৈরি হতে পারে বলে উদ্বিগ্ন সম্পা। স্বামীকে হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় এই প্রশাসনিক টানাপোড়েন তাঁর দুর্ভোগ আরও বাড়িয়েছে। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, বিদেশি নাগরিকের বিষয় হওয়ায় আইনি জটিলতা এড়াতে হলফনামা চাওয়া হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছে প্রশাসন। পরে বিজেপি নেতার চাপে পড়ে জিডি নিল পুলিশ। ঘটনার ১০ দিনের মাথায় জিডি নিল পুলিশ।
সম্পার আবেদন, তাঁর পাসপোর্ট হারানোর অভিযোগটি দ্রুত নথিভুক্ত করে সাধারণ ডায়েরির প্রতিলিপি দেওয়ার ব্যবস্থা করা হোক। যাতে বাংলাদেশ উপদূতাবাসের প্রয়োজনীয় নথি জমা দিয়ে বিকল্প ভ্রমণ অনুমতিপত্র সংগ্রহ করতে পারেন তিনি। স্বামীকে হারানোর শোকের মধ্যে আর দীর্ঘদিন অনিশ্চয়তায় আটকে থাকতে চান না এই বাংলাদেশি বধূ। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন সম্পা রানী সেন।

সম্পা রানী সেন জানিয়েছেন, সম্প্রতি তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। স্বামীকে হারানোর পর তিনি বিরাটিতে এসেছেন আত্মীয়ের বাড়িতে। সেই সময়ই তাঁর পাসপোর্ট হারিয়ে যায়, যার ফলে তিনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। এই কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ান বিরাটির ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বিপ্লব বিশ্বাস, যিনি এলাকায় ‘বাপ্পাদা’ নামেই পরিচিত। সম্পা রানীর কথায়, বিপ্লব বিশ্বাস পাশে না দাঁড়ালে তাঁকে আরও অনেক বেশি হয়রানির শিকার হতে হতো। তিনি নিজে দায়িত্ব নিয়ে দু’দিন থানায় গিয়েছেন এবং বড়বাবু ও মেজোবাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। এরপর কয়েক দিন পর থানায় ডেকে তাঁর জেনারেল ডায়েরি (জিডি) নেওয়া হয়। সম্পা রানী আরও জানিয়েছেন, ৬ নভেম্বর তারিখে জিডি করার জন্য থানায় গেলেও শেষ পর্যন্ত ২০ নভেম্বর তারিখে তাঁর জিডি নেওয়া হয়। এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।









