Annapurna Widow Pension Scheme: অন্নপূর্ণা বা বিধবাভাতা, দুটি একসঙ্গে কোনওভাবেই পেতে পারেন না উপভোক্তা। কেবলমাত্র একটি যোজনার অর্থ সাহায্যই মিলবে। দুটি প্রকল্পের সুবিধা যারা এতদিন একসঙ্গে পেতেন, এবার থেকে তাঁদের যে কোনও একটি বেছে নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের। রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩ হাজার টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দেয়। জারি করা নির্দেশিকা অনুযায়ী, যেসব বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁরা কোন ভাতাটি চালু রাখতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান, তা লিখিতভাবে তাঁদের জানাতে হবে। এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। যে সমস্ত উপভোক্তা বিধবা ভাতার সঙ্গে অন্নপূর্ণা যোজনার অর্থ সাহায্য পান, তাঁদের তালিকা সমর্থ পোর্টালে রয়েছে বলে জানানো হয়েছে। পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা কোন যোজনার অর্থ সাহায্য নেবেন, সেই ‘অপশন’ সংগ্রহ করে তা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পোর্টালে আপলোড করার।
#AnnapurnaScheme #WidowPension #WestBengalGovernment #SocialWelfare #WomenWelfare #PensionScheme #GovernmentGuidelines #Kolkata














