Rama Devi Barefoot Run: সাধারণ শাড়ি আর খালি পায়ে দৌড়ের ময়দানে নেমে ৪৭ বছরের রমা দেবী দেখিয়ে দিলেন, ইচ্ছাশক্তির কাছে দামি জুতোও হার মানতে পারে। সন্তানের জন্য তাঁর এই লড়াই শুধু একটি দৌড় নয়, বরং মায়ের ভালোবাসা, সাহস ও অদম্য মানসিকতার গল্প।
সন্তানের জন্য একজন মা কতদূর যেতে পারেন, তা আরও একবার প্রমাণ করে দিলেন মহারাষ্ট্রের ৪৭ বছরের রমা দেবী। সাধারণ সুতির শাড়ি পরে, পায়ে হাওয়াই চটি নিয়েই তিনি দাঁড়িয়েছিলেন দৌড়ের স্টার্টিং লাইনে। সামনে ছিলেন অনেক তরুণ-তরুণী, কারও পায়ে দামি ব্র্যান্ডের জুতো। কিন্তু শেষ হাসি হাসলেন সেই রমা দেবীই খালি পায়ে দৌড়ে!
মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমা দেবী অংশ নিয়েছিলেন ‘অমৃত দৌড়’-এ। ছত্রপতি শিবাজী মহারাজ চক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চকে শেষ হওয়া এই দৌড়ে অংশ নিয়েছিলেন বহু স্থানীয় তরুণ-তরুণী। প্রথম পুরস্কার ছিল ৩ হাজার টাকা। তবে রমা দেবীর কাছে এই ৩ হাজার টাকা কোনও পুরস্কারমাত্র ছিল না। এই অর্থ দিয়েই মেয়ের পড়াশোনার ফি মেটাতে চেয়েছিলেন তিনি। আর সেই লক্ষ্যই যেন তাঁকে দৌড়ের প্রতিটি মুহূর্তে আরও শক্তি জুগিয়েছিল।
দৌড় শুরু হতেই বিপত্তি। পায়ে থাকা হাওয়াই চটি বারবার পিছলে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রমা বুঝে গেলেন, চটি পরে এভাবে দৌড়ে জেতা সম্ভব নয়। তাই আর এক মুহূর্তও না ভেবে চটি খুলে হাতে তুলে নিলেন। এরপর শুরু হল খালি পায়ে দৌড়। রাস্তা ছিল এবড়োখেবড়ো, ছড়িয়ে ছিল নুড়ি-পাথর। তার উপর শাড়ি পরে দৌড়ানোও মোটেই সহজ নয়। কিন্তু রমা দেবীর চোখ তখন শুধু লক্ষ্যের দিকে। মেয়ের পড়াশোনার কথা মনে রেখে তিনি ছুটলেন খালি পায়ে, সমস্ত বাধাকে পিছনে ফেলে।
শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে দৌড়ে প্রথম হলেন তিনিই। দামি ব্র্যান্ডের জুতো পরা পা যেখানে থমকে গেল, সেখানে একটি মায়ের খালি পা পৌঁছে গেল সবার আগে। জয়ের পর রমা দেবী জানান, পুরস্কারের ৩ হাজার টাকা তিনি নিজের জন্য খরচ করবেন না। মেয়ের পড়াশোনার ফি মেটাতেই ব্যবহার করবেন সেই টাকা। এই কথা জানার পর আবেগাপ্লুত হয়ে পড়েন আয়োজকরাও। মুহূর্তের মধ্যে রমা দেবীর এই অসাধারণ লড়াইয়ের কথা ছড়িয়ে পড়ে চারদিকে। তাঁর দৌড় শুধু একটি প্রতিযোগিতায় জয় নয়, এ যেন একজন মায়ের ভালোবাসা, ত্যাগ আর সন্তানের ভবিষ্যতের জন্য অদম্য লড়াইয়ের গল্প।
#ramadevi #barefootrun #motherhood #womeninspiration #inspirationalstory #running #maharashtra #humaninterest #offbeatnews












