নয়াদিল্লি : বিজ্ঞান, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে একত্রিত করে এক যুগান্তকারী উদ্যোগ। ১০৮টি দেশের ছোট ছোট মেয়েরা একটি স্যাটেলাইট তৈরি করতে একত্রিত হয়েছে। খুদে নারী বিজ্ঞানীদের তৈরি ‘মিশন শক্তিস্যাট’। যা ভারত থেকে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এসএসএলভি)-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। চেন্নাই-ভিত্তিক মহাকাশ গবেষণা স্টার্টআপ ‘স্পেস কিডজ ইন্ডিয়া’-র নেতৃত্বে পরিচালিত এই সম্পূর্ণ নারী-কেন্দ্রিক মহাকাশ অভিযানটি বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মহাকাশযান তৈরি এবং উপগ্রহ উন্নয়নের ওপর কাজ করার জন্য বিশ্বজুড়ে স্কুল পড়ুয়া কিশোরীদের একত্রিত করে ভারতে এর দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ‘মিশন শক্তিস্যাট’ উইমেন স্পেস এডুকেশন প্রোগ্রামে সবচেয়ে বেশি সংখ্যক দেশের (১০৮টি দেশ) প্রতিনিধিত্বের জন্য এটি আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড রেকর্ডস ইউনিয়ন-এর অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বের এতগুলি দেশ থেকে প্রায় ১২,০০০ স্কুলপড়ুয়া ছাত্রী এই মিশনের সঙ্গে সরাসরি যুক্ত থেকে স্যাটেলাইট প্রযুক্তি, কোডিং ও পেলোড ডেভেলপমেন্টের বাস্তব প্রশিক্ষণ লাভ করেছে। এই খুদে মহিলা ইঞ্জিনিয়াররা ভারতের এসএসএলভি রকেটের সাহায্যে মহাকাশে উৎক্ষেপণের জন্য একটি ১২ইউ কিউবস্যাট স্যাটেলাইট যৌথভাবে তৈরি করেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ইন-স্পেস এই পুরো প্রকল্পটিতে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছে। সাহায্য করেছ ঈজিপ্টের মহাকাশ সংস্থা, সাউথ আলাবামা বিশ্ববিদ্যালয়, ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অপটিক্স, এসএমডব্লু ইঞ্জিনিয়ারিং, শামাল অ্যান্ড পার্টনার্স, ২এইচ৫, ইন্ডিয়ান অ্যারোস্পেস ইউনিভার্সিটিও। প্রকল্পের মূল উদ্দেশ্য, মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মহিলাদের এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে উৎসাহিত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানেও বিশ্বের এই বৃহত্তম অল-গার্লস মহাকাশ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
খুদে মহিলা বিজ্ঞানীদের তৈরি ‘মিশন শক্তিস্যাট’-এর বিশ্ব রেকর্ড
