Javed Akhtar on Salman Khan Song: ‘তেরি সেক্সি বিউটি’ গানের দৃশ্যজুড়ে সলমন খান ও চিত্রাঙ্গদা সিংয়ের রোম্যান্স। পর্দায় তাঁদের রসায়ন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে গানটি মুক্তি পেতেই প্রশংসার পাশাপাশি প্রশ্ন উঠেছে গানের কথা নিয়েও। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। সরাসরি সলমন খানের নাম না করলেও তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি’র এই গানকে ঘিরে তৈরি হওয়া ভাষার বিতর্কের সঙ্গে তাঁর মন্তব্যের যোগ রয়েছে বলেই মনে করছে বিনোদন মহল।
শব্দভাণ্ডার কমছে নতুন প্রজন্মের ( Javed Akhtar Vocabulary)
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের গানের ভাষা, সাহিত্য এবং শব্দের ব্যবহার নিয়ে নিজের মতামত জানিয়েছেন জাভেদ। তাঁর বক্তব্য, বর্তমান প্রজন্মের শব্দভাণ্ডার আগের প্রজন্মের তুলনায় অনেকটাই সংকুচিত। শুধু জেন জি নয়, তাঁদের আগের প্রজন্মের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমাদের মতো ভাষার সমৃদ্ধ ব্যবহার এখন আর তেমন চোখে পড়ে না।
জাভেদের মতে, চলচ্চিত্র এবং চলচ্চিত্রের গান সমাজের বাইরের কোনও বিষয় নয়। সমাজের পরিবর্তন গানেও প্রতিফলিত হয়। ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়, এর মধ্যেও রয়েছে শিল্পের সৌন্দর্য। কীভাবে শব্দ ব্যবহার করা হচ্ছে, তার উপরেই নির্ভর করে ভাষার আভিজাত্য। কিন্তু বর্তমানে মানুষ ভাষার প্রতি কতটা যত্নশীল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, সাহিত্য ও কবিতা পড়ার অভ্যাসও কমছে। তার প্রভাব পড়ছে গানের কথায়।
মুনাফার হিসাবেই কি বদলাচ্ছে গানের ভাষা? (Javed Akhtar Song Lyrics)
শুধু শব্দভাণ্ডারের অভাব নয়, গানের ভাষা বদলে যাওয়ার পিছনে ব্যবসায়িক স্বার্থকেও দায়ী করেছেন এই বর্ষীয়ান গীতিকার। তাঁর বক্তব্য, বর্তমানে সমাজের একটা বড় অংশ সবকিছুকে লাভ-ক্ষতির অঙ্কে বিচার করে। কত টাকা উপার্জন হল, সেটাই যেন কোনও কাজের সাফল্য মাপার প্রধান মাপকাঠি। ফলে সঙ্গীত, শিল্প এবং সাহিত্যের গভীরতার গুরুত্ব ক্রমশ কমছে।
‘মাতৃভূমি’ ছবির ‘তেরি সেক্সি বিউটি’ গানটি নিয়েও শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একাংশের কাছে গানটি বিনোদনের উপাদান হলেও অন্যদের আপত্তি গানের শব্দচয়ন নিয়ে। ভাষার শালীনতা এবং গানের কথার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
তবু তরুণ প্রজন্মকে নিয়ে আশাবাদী জাভেদ (Javed Akhtar Young Generation)
তবে বর্তমান পরিস্থিতি নিয়ে পুরোপুরি হতাশ নন জাভেদ আখতার। তাঁর মতে, তরুণ প্রজন্মের একাংশ নিজের উদ্যোগেই সাহিত্য, সঙ্গীত এবং শিল্পের জগৎকে নতুন করে চিনতে চাইছে। এই প্রবণতাকে ইতিবাচক বলেই মনে করেন তিনি। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে শিল্প ও সাহিত্যের জগতে বড়সড় পুনর্জাগরণ ঘটতে পারে বলেও আশা প্রকাশ করেছেন এই গীতিকার। ফলে গানের ভাষা নিয়ে আপত্তি থাকলেও ভবিষ্যতের শিল্পচর্চা নিয়ে আশার জায়গা দেখছেন তিনি।











