Adani Power Bangladesh: ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বন্ধ দ্বিতীয় ইউনিট ফের চালু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত শেষ হওয়ায় রবিবার দুপুরের পর বাংলাদেশে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়তে শুরু করেছে বলে সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সচল হল আদানির বিকল ইউনিট। স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ। ঝাড়খণ্ডের গোড্ডার আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত কাজ শেষ হওয়ায় রবিবার দুপুরের পর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়তে শুরু করে।
এ প্রসঙ্গে আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সময় রবিবার ভোর ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। পরে সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হয়। ফলে দুপুরের পর থেকে বাংলাদেশে এই কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ আবার বাড়ানো সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর গভীর রাতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ইউনিটটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটি দেখা দেওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। ইউনিটটি বন্ধ হওয়ার পর সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এতে দেশের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাড়তি চাপ পড়ে। বিভিন্ন এলাকায় লোডশেডিংও বাড়ে।
অপরদিকে বিপিডিবির আধিকারিকরা জানান, বয়লারের ত্রুটি মেরামতে শুরুতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তবে দ্রুত পদক্ষেপে মেরামত নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। ফলে ইউনিটটিকে দ্রুত উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।.
#AdaniPowerBangladesh #AdaniPowerGodda #BangladeshPowerSupply #GoddaPowerPlant #BangladeshElectricity #AdaniPower #BangladeshPowerNews













