West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার—এই তিন দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এক-দু’পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
আজ একুশে জুলাই উপলক্ষে কলকাতায় বড় রাজনৈতিক জমায়েত রয়েছে। ফলে এমনিতেই শহরের বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। তার মধ্যে বৃষ্টি হলে কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফলে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দপ্তরের মতে, কলকাতার আকাশে ইতিমধ্যেই প্রচুর সঞ্চরণশীল মেঘ রয়েছে। তাই যে কোনও সময় বৃষ্টি শুরু হতে পারে এবং মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির এই প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও কলকাতায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কিছুটা কমছে। আজ পাহাড় ও উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি থাকলেও পরে সতর্কতার মাত্রা কমে হলুদ হতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড, বাংলাদেশ হয়ে মায়ানমার পর্যন্ত সক্রিয় রয়েছে। এই অক্ষরেখার প্রভাবে মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হচ্ছে। তবে বড় ধরনের বজ্রপাতের আশঙ্কা তুলনামূলকভাবে কম। বৃষ্টির সময় ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী কিছু জেলায় সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
সব মিলিয়ে, একুশে জুলাইয়ের জমায়েত ও যানজটের মধ্যে কলকাতায় বৃষ্টি হলে শহরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে।

