Mamata Banerjee Delhi Visit: পরিস্থিতি সিরিয়াস! জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই দিল্লি যাওয়ার কথা জানান তিনি। কেন হঠাৎ এই সফর? কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য রাজ্য ছেড়ে তড়িঘড়ি রাজধানীতে যেতে হচ্ছে তাঁকে? মমতার কথায়, দিল্লিতে INDIA জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্য বারবার ফোন করছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতারা। পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলেই তাঁকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলেই দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা। যাওয়ার আগে তিনি জানান, বেলা ৩টের সময় তাঁর কাছে একটি বার্তা আসে। সেখানে অবিলম্বে দিল্লিতে INDIA জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়। প্রথমে তিনি দিল্লি যেতে রাজি হননি। কারণ, এই মুহূর্তে রাজ্যে দলের কর্মী-সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের ঘটনা ঘটছে বলে তাঁর অভিযোগ। তবে জোটের প্রবীণ নেতাদের বারবার ফোনের পর শেষ পর্যন্ত দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মমতা বলেন, “৩টের সময় একটা মেসেজ আসে যে, আমাকে অবিলম্বে দিল্লিতে INDIA জোটের বৈঠকে অংশ নিতে হবে। খুবই সিরিয়াস। আমি প্রথমে বলেছিলাম, যাব না। যেতে পারব না। কারণ এখানে আপনারা দেখছেন, আমার পাড়ায় প্রতিদিন হামলা চলছে। অত্যাচারের সীমা লঙ্ঘন করে গিয়েছে সব।”
কেন হঠাৎ দিল্লিতে মমতা? (Mamata Banerjee Delhi Visit)
আসলে সংসদের বিশেষ অধিবেশন ঘিরে জাতীয় রাজনীতিতে এখন উত্তেজনা তুঙ্গে। লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বিরোধীদের সংঘাত ক্রমশ বাড়ছে। আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় এই সংক্রান্ত আলোচনা ও বিল পেশের প্রস্তুতি রয়েছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাশ করানোর বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। অন্যদিকে, এই বিলগুলির বিরোধিতায় সরব INDIA শিবির।
তবে বিরোধী জোটের অন্দরেই দেখা দিয়েছে মতপার্থক্য। শরদ পওয়ারের এনসিপি বিরোধীদের বৈঠকে যোগ দেয়নি। অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে বিলকে সমর্থনের কথা জানিয়েছে। নবীন পট্টনায়েকের বিজেডিও এদিনের বৈঠকে অনুপস্থিত ছিল। ফলে বিলের বিরোধিতা নিয়ে বিরোধী শিবিরের ঐক্য কতটা মজবুত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সাংসদদের ভয় দেখানোর অভিযোগ মমতার ( Mamata Banerjee TMC MPs Threat)
দিল্লি যাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, তৃণমূল সাংসদদের ভয় দেখানো হচ্ছে। সাংসদ প্রতিমা মণ্ডলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের সাংসদকে হেডকোয়ার্টার থেকে ফোন করা হয়েছে। তাঁকে দিল্লি যেতে এবং ভোট দিতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ। সেই নির্দেশ না মানায় প্রতিমা মণ্ডলের ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জয়নগর থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী।
মমতার কথায়, এই পরিস্থিতিতে রাজ্য ছেড়ে যেতে তাঁর ইচ্ছে ছিল না। কিন্তু জোটের শীর্ষ নেতাদের বারবার ফোনের কারণে তাঁকে দিল্লি যেতে হচ্ছে। এমনকী, তাঁর জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল বলে জানান তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে এয়ার ইন্ডিয়ার সাধারণ বিমানেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন।
দিল্লিতে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী?( Mamata Banerjee INDIA Bloc Meeting)
মমতার এই সফরের আগে দিল্লিতে INDIA জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনও করেন অভিষেক। সেখানে পুলিশকে দিয়ে জাল হলফনামা তৈরি করানোর অভিযোগ তুলে একাধিক ভিডিও প্রকাশ করেন তিনি।
এই আবহে মমতার দিল্লি সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের অবস্থান ঠিক করা, অন্যদিকে তৃণমূল সাংসদদের নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি—দুই বিষয়েই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এত তাড়াহুড়ো করে তাঁকে দিল্লিতে ডাকা হল, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি মমতা। তাঁর কথায়, সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। ফলে দিল্লির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।










