Kiara Advani Tabaahi Controversy: যশ এবং কিয়ারা আডবাণী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’-এর নতুন গান ‘তাবাহি’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গানে যশ ও কিয়ারার রোম্যান্টিক দৃশ্য নিয়ে একাংশের নেটিজেন কিয়ারাকে কটাক্ষ করলেও, একই দৃশ্যে অভিনয়ের জন্য যশকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই। এই বৈপরীত্য নিয়েই এবার সরব হলেন ছবিরই ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বেনেডিক্ট বলেন, তিনি লক্ষ্য করেছেন যশের অভিনয়ের প্রশংসায় সামাজিক মাধ্যম ভরে উঠলেও কিয়ারা আডবাণীকে ব্যক্তিগত জীবন টেনে এনে বিদ্রুপ করা হচ্ছে। তার কথায়,“যশের কমেন্ট বক্সে আগুনের ইমোজি, প্রশংসার বন্যা। কিন্তু কিয়ারাকে নিয়ে বলা হচ্ছে—‘সবে তো বিয়ে হয়েছে’, ‘এখন তিনি মা’, ‘স্বামীর সঙ্গে থাকার বদলে অন্য নায়কের সঙ্গে রোম্যান্স করছেন’। সত্যিই কি এটাই আমাদের বিচারবোধ?”
ভিডিওর ক্যাপশনে তিনি আরও প্রশ্ন তোলেন,
“কিয়ারা আডবাণী নিজের পেশাগত কাজ করার জন্য সমালোচিত হচ্ছেন, অথচ একই কাজের জন্য যশ প্রশংসা পাচ্ছেন কেন?” ‘যশও তো বিবাহিত’
বেনেডিক্ট মনে করিয়ে দেন, যশও বিবাহিত এবং তাঁরও সন্তান রয়েছে। তাহলে কেন শুধুমাত্র কিয়ারাকেই ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে? তিনি বলেন,“যশও বিবাহিত, তাঁরও সন্তান আছে। তাহলে শুধু একজন নারী অভিনেত্রীকেই কেন কটাক্ষ করা হচ্ছে? পুরুষ অভিনেতা প্রশংসা পাবেন, আর নারী অভিনেত্রী সমালোচনার শিকার হবেন—এই মানসিকতা বদলানো দরকার।”
‘অভিনেতাদের কাজ অভিনয় করা’
একজন পেশাদার অভিনেতা হিসেবে বেনেডিক্ট বলেন, দর্শকদের অনেকেই বাস্তব জীবন ও অভিনয়ের সীমারেখা গুলিয়ে ফেলেন। তার মতে,
“অভিনেতাদের কাজ চরিত্রকে জীবন্ত করে তোলা। গল্পের প্রয়োজনে প্রেম, ঘনিষ্ঠতা, চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতেই হয়। তার মানে এই নয় যে বাস্তব জীবনেও সেই সম্পর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, কিয়ারা এবং তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা দুজনেই অভিনয় জগতের মানুষ। ফলে পেশার প্রয়োজনেই এ ধরনের দৃশ্যে অভিনয় করতে হয়—এটা তাঁদের কাছে অস্বাভাবিক নয়।
‘সমালোচনা অভিনয় নিয়ে নয়, একজন স্ত্রীর পরিচয় নিয়ে’
বেনেডিক্টের অভিযোগ, কিয়ারার অভিনয় নয়, বরং তিনি একজন স্ত্রী ও মা—এই পরিচয়কেই আক্রমণ করা হচ্ছে।
তার কথায়, “বিয়ে হয়ে গেলে কি একজন অভিনেত্রীর অভিনয় বন্ধ করে দেওয়া উচিত? এটা সম্পূর্ণ অযৌক্তিক। সমস্যা কিয়ারার পেশাদারিত্বে নয়, সমস্যা সমাজের দ্বিচারিতায়।”
‘অভিনেতাকে বিচার করুন অভিনয় দিয়ে’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বেনেডিক্ট জানান, তিনি নিজেও চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও টেলিভিশনে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। তাই অভিনয় আর ব্যক্তিগত জীবনের পার্থক্য মানুষকে বোঝানোর প্রয়োজন অনুভব করেছেন।
তিনি বলেন,
“অভিনেতারা চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক পান, ব্যক্তিগত জীবন পর্দায় দেখানোর জন্য নয়। কেউ বিবাহিত বলেই যদি তাকে রোম্যান্টিক চরিত্রে অভিনয়ের জন্য সমালোচনা করা হয়, তাহলে অভিনয় শিল্পের মূল ধারণাটাই ভুলভাবে বোঝা হচ্ছে।”
আগস্টেই মুক্তি পাচ্ছে ‘টক্সিক’
একাধিকবার মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। কন্নড় ভাষায় নির্মিত ছবিটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে।
#KiaraAdvani #Tabaahi #BenedictGarrett #Yash #ToxicMovie #Bollywood #EntertainmentNews #GenderBias

