Elephant Calf Rescue: গাজলডোবার তিস্তায় মাছ ধরতে গিয়ে মাত্র তিন-চার দিনের এক হস্তীশাবককে জলে ভেসে যেতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। মায়ের সঙ্গে তিস্তা পার হওয়ার সময় কোনওভাবে শাবকটির বিচ্ছেদ ঘটে এবং নদীর স্রোতে আটকে পড়ে সে।
বিপদ বুঝে দেরি না করে অজয় দাস, বাবলু দাস, গোপাল দাস, মিঠু দাস এবং বিশ্বনাথ দাস নিজেদের নৌকা নিয়ে তিস্তায় নেমে পড়েন। উত্তাল স্রোতের মধ্যে এগিয়ে গিয়ে তাঁরা শাবকটিকে জল থেকে টেনে নৌকায় তুলে আনেন। এরপর তাকে চরে নিয়ে আসা হয় এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়।

উদ্ধারের পরও মায়ের কাছে যাওয়ার জন্য সমানে ডাকতে থাকে ছোট্ট হাতিটি। বন দপ্তরের কর্মীদের সঙ্গে স্থানীয় মৎস্যজীবীদের টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর জলডোবার তিস্তার চর এলাকায় শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
এই উদ্ধারকাজে স্থানীয় মৎস্যজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের সাহসিকতায় তিস্তার স্রোতে ভেসে যাওয়া সদ্যোজাত হস্তীশাবকটি শেষ পর্যন্ত নিরাপদে মায়ের কাছে ফিরে যায়।













