Category: FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar

FIFA WorldCup 2022 will held on Qatar

  • FIFA World Cup 2022: পর্তুগালের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফার্নান্দো সান্তোস, সম্ভাব্য উত্তরসূরি মরিনহো

    FIFA World Cup 2022: পর্তুগালের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফার্নান্দো সান্তোস, সম্ভাব্য উত্তরসূরি মরিনহো

    ।। প্রথম কলকাতা ।।

    বৃহস্পতিবার পর্তুগালের কোচের পদ থেকে পদত্যাগ করলেন ফার্নান্দো সান্তোস। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) একটি বিবৃতিতে বলেছে যে ৬৮ বছর বয়সী সান্তোসের সঙ্গে একটি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। এফপিএফ আরও করেছে যে “এখন পরবর্তী জাতীয় কোচ বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে”। ডেইলি স্পোর্টস সংবাদপত্রের দাবি অনুযায়ী হোসে মরিনহো ইউরো ২০২৪ এর জন্য যোগ্যতা অর্জনের আগে ফেডারেশনের এক নম্বর লক্ষ্য।

     

    সেপ্টেম্বর ২০১৪ সালে পর্তুগালের কোচ নিযুক্ত হওয়ার পর সান্তোস ২০১৬ সালে ইউরো কাপ জিতিয়ে দেশের প্রথম বড় শিরোপা জয় করেন এরপর ২০১৯ সালে নেশন্স লিগ জয় করেন। তার দায়িত্বে থাকা সময়কালে পর্তুগাল বিশ্বকাপ ২০১৮ এবং ইউরো ২০২০ শেষ ষোলো থেকে বিদায় নেয়। ২০২২ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয়। শেষ ষোলো ও শেষ আটের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে বিতর্কে জড়ান ফার্নান্দো সান্তোস। সমর্থকদের সমালোচনার মুখেও পড়তে হয় তাদের।

     

    বৃহস্পতিবার বিকেলে রোমার একটি প্রশিক্ষণ শিবিরের জন্য দক্ষিণ পর্তুগালে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন মরিনহো। জাতীয় দলের দায়িত্ব নেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মরিনহো কোনও মন্তব্য করেননি। ইউরো ২০২৪ এর জন্য যোগ্যতা অর্জন মার্চ মাসে শুরু হতে চলেছে। মরিনহো ছাড়াও এগিয়ে রয়েছেন পর্তুগিজ কোচ রুই জর্জ (অনূর্ধ্ব-২১), আবেল ফেরেইরা (পালমেইরাস), পাওলো ফনসেকা (লিলে), রুই ভিটোরিয়া (মিশর) এবং জর্জে জেসুস (ফেনারবাহেস)।

     

    ৫৯ বছর বয়সী মরিনহো এখনও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করেননি কিন্তু ইউরোপের কিছু হেভিওয়েট ক্লাবে তার দুর্দান্ত রেকর্ড রয়েছে। তিনি দুইবার পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড দলের দায়িত্বে ছিলেন। মরিনহো চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, ইন্টারে দুটি সিরি ‘এ’ মুকুট এবং রিয়ালে একটি লিগ শিরোপা জিতেছেন। চলতি বছরের মে মাসে, তিনি রোমাকে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন, এটি ক্লাবের প্রথম বড় ইউরোপীয় ট্রফি।

  • FIFA World Cup 2022: ফাইনালে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরছেন করিম বেনজেমা! প্রশ্ন এড়িয়ে গেলেন ফ্রান্স কোচ

    FIFA World Cup 2022: ফাইনালে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরছেন করিম বেনজেমা! প্রশ্ন এড়িয়ে গেলেন ফ্রান্স কোচ

    ।। প্রথম কলকাতা ।।

    ফিট হয়ে ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিরতে চলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। জানা গেছে তিনি নাকি সম্পূর্ণ ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। তবে করিম বেনজেমা ফিফা বিশ্বকাপের ফাইনালে দলে আবার যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে মন্তব্য করতে চাননি ফ্রান্স কোচ দিদিয়ের দেসচ্যাম্পস। দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে দিদিয়ের দেসচ্যাম্পসের দল।

     

    বিশ্ব ফুটবলে কান পাতলেই শোনা যাচ্ছে ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা রিয়াল মাদ্রিদে সম্পূর্ণ ফিট হয়ে প্রশিক্ষণে ফিরে এসে ফাইনালের জন্য কাতারে ফিরতে পারেন। টুর্নামেন্টের প্রাক্কালে অনুশীলনের সময় উরুতে চোট পেয়ে বাদ পড়েন বিশ্বকাপ থেকে। উল্লেখ্য দেসচ্যাম্পস দলের বেনজেমার স্থলাভিষিক্ত করেননি, যার মানে তিনি এখনও ফেরার যোগ্য। তবে এই প্রসঙ্গে ফ্রান্স কোচ মন্তব্য করতে রাজি হননি।

     

    দেসচ্যাম্পস ফক্স স্পোর্টসকে বলেছেন, “আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না।” মিডফিল্ডার অ্যাড্রিয়েন রাবিওট এবং ডিফেন্ডার ডেওট উপমেকানো মঙ্গলবার অনুশীলন না করায় ফ্রান্স শিবির সম্প্রতি অসুস্থতার খবর পাওয়া গেছে। মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে তাদের কাউকেই দেখা যায়নি। এই প্রসঙ্গে ফরাসি কোচ বলেন, আমাদের ফ্লুর মতো উপসর্গের কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে, আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি যাতে এটি ছড়িয়ে না পড়ে।”

  • Argentina: ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, মেসি-মারাদোনার দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য মহিত করবে আপনাকেও

    Argentina: ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, মেসি-মারাদোনার দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য মহিত করবে আপনাকেও

    ।। প্রথম কলকাতা ।।

     

    জলপ্রপাত, হিমবাহ, তুষারাবৃত পর্বত ও অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত কি নেই দেশটিতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন দুই হাত ভরে ঢেলে দিয়েছে দেশটিতে। কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার জন্মস্থান। মেসি-মারাদোনার দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশটিতে রয়েছে ঐতিহ্যসমৃদ্ধ এক ইতিহাস। আয়তনের দিক থেকে ল্যাটিন আমেরিকার এই দেশটি দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বে অষ্টম বৃহত্তম রাষ্ট্র। দেশটির বর্তমান জনসংখ্যা ৪ কোটি ৫৮ লক্ষ।

     

    আর্জেন্টিনার পশ্চিমে রয়েছে আন্দিজ পর্বতমালা। উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে। দেশটির উত্তর পূর্বে ব্রাজিল, পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর ও দক্ষিণে ডেক প্রণালী। আকোনগুয়া আর্জেন্টিনার সর্বোচ্চ পর্বত। প্রধান নদীগুলির মধ্যে অন্যতম কলোরাডো, পারানা, রিও নেগ্রো নদী। আর্জেন্টিনার জলবায়ু ও ভূ-প্রকৃতিও বৈচিত্র্যময়। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ল্যাটিন আমেরিকার এই দেশটি। আর্জেন্টিনা দেশটি দীর্ঘদিন স্প্যানিশ শাসনের অধীনে ছিল। স্প্যানিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে আধুনিক আর্জেন্টিনার জন্ম।

     

    স্বাধীন আর্জেন্টিনা ফিরে পেতে ১৮১০ খ্রিস্টাব্দের ২৫ মে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা আর্জেন্টিনার জনগণ। ১৮১৬ খ্রিস্টাব্দের ৯ জুলাই স্বাধীন আর্জেন্টিনার পতাকা ওড়ায় সে দেশের জনগণ। ১৮৫৩ খ্রিস্টাব্দে আর্জেন্টিনার সংবিধান রচনা করা হয়। ১৮৫৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা স্বীকৃত হয়। ২৬৬ তম পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার প্রথম রোমান ক্যাথলিক। তিনিই ইউরোপের বাইরে প্রথম কোন দেশ থেকে নির্বাচিত পোপ। আর্জেন্টিনার প্রথম মুসলিম প্রেসিডেন্ট কার্লোস সাউল মেনেম। এর আগে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। একজন ব্যক্তি দোষী না নির্দোষ তা নির্ণয়ের জন্য আঙ্গুল ছাপ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয় এই আর্জেন্টিনাতেই। অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসের কারণে ক্ষণে ক্ষণে পালা বদলে একসময়ের ধনী দেশটির অর্থনীতি সংকটে পড়ে। বর্তমানে অর্থনীতিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেদেশের প্রশাসন।

     

    প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম জনপ্রিয় এই দেশটি। পর্যটকদের সবচেয়ে পছন্দের আর্জেন্টিনার ইগুয়াজু জলপ্রপাত। এই জলপ্রপাত ভ্রমণপিপাসুদের মনকে অভিভূত করে। যা দেখতে প্রায় ১০ লক্ষ পর্যটক আর্জেন্টিনায় যায়। শুধু রুপে নয় গুনেও বিশ্বকে মুগ্ধ করে ল্যাটিন আমেরিকার এই দেশটি। দেশের শতকরা ৯৮ ভাগ মানুষ শিক্ষিত। আর্জেন্টিনায় নেই কোন রাষ্ট্রীয় ধর্ম। দক্ষিণ আমেরিকার বৃহত্তম ইহুদি ও বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে দেশটিতে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স প্রাচীন স্থাপত্যে শিল্পে গড়া একটি অনন্য শহর। আর্জেন্টিনার ঐতিহ্যবহন করে চলেছে অন্যতম নাচ টাঙ্গ। নারী-পুরুষের যুগলবন্দীতে এই নাচ পরস্পরের প্রতি প্রেমকে প্রকাশ করে। বর্তমানে বিভিন্ন দেশে এই নাচ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।

     

    আর্জেন্টিনা আর ফুটবল যেন সমার্থক। রাজধানী বুয়েনস আয়ার্সের খুব কাছেই অবস্থিত লান্স শহরে জন্ম ফুটবলের রাজপুত্র মারাদোনার। আর আর্জেন্টিনার মধ্যবর্তী শহর রোজারিওতে জন্ম বর্তমান প্রজন্মের ফুটবল জাদুকর লিওনেল মেসির। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের কাছে এই দুই শহর যেন তীর্থক্ষেত্র। কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার জন্ম শহরও এই রোজারিও। ১৯৮৬ সালে মারাদোনা বিশ্বকাপ উপহার দিয়েছিল দেশবাসীকে। আর এবার লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

  • FIFA World Cup 2022: থামল মরক্কোর স্বপ্নের জয়রথ, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স

    FIFA World Cup 2022: থামল মরক্কোর স্বপ্নের জয়রথ, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স

    ।। প্রথম কলকাতা ।।

    ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে শেষ হলো মরক্কোর স্বপ্নের যাত্রা। চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হার্নান্দেজ ও কোলো মুয়ানির গোলে ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। সেই সঙ্গে ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল ফরাসিরা। প্রথমে গোল খাওয়ার পর জ্বলে ওঠে মরক্কো। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে ফ্রান্স রক্ষণে ভীতি ছড়ায় আফ্রিকার দেশটি। ফিনিশিংয়ের অভাবে ভালো সুযোগ পেয়েও মিস করল মরক্কো। যার ফলস্বরূপ থেমে গেল তাদের স্বপ্নের জয়রথ।

     

    আল বাইত স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ওঠে ফ্রান্স। গোল পেতেও বেশি দেরি হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের পাঁচ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন থিও হার্নান্দেজ। ভারানের ক্রস ধরে মরক্কো রক্ষণে ঢুকে পড়েন গ্রিজমান। পাস দেন এমবাপেকে। ঠিকভাবে শট নিতে পারেননি পিএসজি ফরোয়ার্ড। দ্বিতীয় প্রচেষ্টায় বল পেয়ে যান হার্নান্দেজ। সেখান থেকে গোল করতে কোন ভুল করেননি এসি মিলানের এই ডিফেন্ডার। এরপরই বেশ কয়েকটি সুযোগ গড়ে তোলে ফ্রান্স। ১৭ মিনিটে জিরুদের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করার বড় সুযোগ পায় ফ্রান্স। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন জিরুদ। গোল খেয়ে পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি বিশ্বকাপে ইতিহাস তৈরি করা মরক্কো। বিরতির আগের কয়েক মিনিট ফরাসি রক্ষণে প্রবল চাপ তৈরি করে আফ্রিকার দেশটি। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।

     

    বিস্তারিত আসছে ..দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মরক্কো। একের পর এক আক্রমণের ঢেউ তুলে ফ্রান্স রক্ষণকে ছন্নছাড়া করে দেয় আশরাফ হাকিমি-হাকিম জিয়াশরা। তবে গোলের মুখ খুলতে পারেনি। ফিনিশিংয়ের অভাবে বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ মিস করে মরক্কো। আর তারই খেসারত দিতে হল তাদের। পাল্টা আক্রমণে ব্যবধান বাড়িয়ে দিলেন উসমান দেম্বেলের পরিবর্তে মাঠে নামা কোলো মুয়ানি। ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্তভাবে মরক্কো রক্ষণে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। এমবাপের শট মরক্কোর এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা মুয়ানির কাছে। দেশের জার্সিতে প্রথম গোলটি করতে কোন ভুল করেননি মুয়ানি। আর এখানেই শেষ হয়ে যায় মরক্কোর স্বপ্নের জয়রথ। এরপরেই গোল শোধ করতে মরিয়া মরক্কো আক্রমণ শানাতে থাকে ফরাসি রক্ষণে। সুযোগ তৈরি করেও ফ্রান্সের ডেডলক ভাঙতে পারল না আফ্রিকার দেশটি।

  • FIFA World Cup 2022: আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে, রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লুকা মদ্রিচ

    FIFA World Cup 2022: আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে, রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন লুকা মদ্রিচ

    ।। প্রথম কলকাতা ।।

    বুধবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হয় ক্রোয়েশিয়া। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নেন ক্রোয়েশিয়ার মধ্যমণি লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ অবশ্য ম্যাচের দায়িত্ব পালনে থাকা রেফারি নিয়ে খুশি নন। ইতালীয় রেফারি ড্যানিয়েল ওরসাটোর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন তিনি।

     

    যিনি প্রথমার্ধে আর্জেন্টিনাকে পেনাল্টি দিয়েছিলেন। আর সেই পেনাল্টি থেকেই গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। যদিও মদ্রিচ মাঠে এই বিষয় নিয়ে কোন অভিযোগ করেননি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মদ্রিচ বলেন যে পেনাল্টির সিদ্ধান্ত খেলা বদলে দিয়েছে। তিনি ওরসাটোর সমালোচনা করে, তাকে “সবচেয়ে খারাপ” রেফারি হিসাবে অভিহিত করেন।

     

    ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, “পেনাল্টি পর্যন্ত আমরা মাঠে ভালো সময় কাটিয়েছি, সে (জুলিয়ান আলভারেজ) আমাদের গোলরক্ষককে আঘাত করে। সাধারণত আমি রেফারি সম্পর্কে কথা বলি না, কিন্তু আজ এটা অসম্ভব। সে (ওরসাটো) আমার জানা সবচেয়ে খারাপদের একজন এবং আমি শুধু আজকের জন্য কথা বলছি না কারণ সে অনেকবার আমার ম্যাচে রেফারি করেছে এবং তার সম্পর্কে আমার কখনো ভালো স্মৃতি নেই। এটা একটা দূর্যোগ। আর্জেন্টিনাকে অভিনন্দন, কিন্তু প্রথম পেনাল্টিই আমাদের শেষ করে দিয়েছে।”

  • FIFA World Cup 2022: সেমিফাইনালে অসম্ভবকে সম্ভব করা মরক্কোর বিরুদ্ধে জিততে মরিয়া ফ্রান্স

    FIFA World Cup 2022: সেমিফাইনালে অসম্ভবকে সম্ভব করা মরক্কোর বিরুদ্ধে জিততে মরিয়া ফ্রান্স

    ।। প্রথম কলকাতা ।।

     

    বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি বিশ্বকাপের ইতিহাস সৃষ্টিকারী মরক্কো। ইতিমধ্যেই ফাইনালের টিকিট আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা মঙ্গলবার ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩৬ অপেক্ষা ঘোঁচানোর জন্য প্রস্তুত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স জানে সারপ্রাইজ প্যাকেজ মরক্কোর বিরুদ্ধে জয় সহজ হবে না। তবুও বিশ্বকাপ ট্রফি রক্ষা করা থেকে দুই কদম দূরে রয়েছে ফ্রান্স।

     

    মরক্কো চলতি বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে। গ্রুপ পর্বে বেলজিয়াম ও কানাডাকে হারিয়ে এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রেখেছিল আফ্রিকার দেশটি। শেষ ষোলোয় টাইব্রেকারে স্পেন করে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট আদায় করে মরক্কো। সেখানেও বাজিমাত। রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় হাকিমি-জিয়াশরা। এই মরক্কোর যে হুল ফোটাতে পারে ফ্রান্সের রক্ষণে তা ভালো মতোই জানেন ফরাসি কোচ দিদিয়ের দেশচ্যাম্প।

     

    ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস এমন একটি দলের বিরুদ্ধে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয়। লরিস বলেন, যখন একটি দল বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালকে পরাজিত করতে সক্ষম হয় এবং গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে যায়, তার কারণ তাদের মাঠে অনেক গুণ রয়েছে এবং নিঃসন্দেহে এটির বাইরেও, সংহতি এবং দলের মনোভাবের দিক রয়েছে। তারা শক্তিশালী প্রতিপক্ষ হবে।”

     

    অন্যদিকে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগির জন্ম ফ্রান্সে। খেলাধুলা থেকে বেড়ে ওঠা সবটাই তিনি কাটিয়েছেন ফ্রান্সে। কাতারে একের পর এক বিস্ময় আর অঘটনের জন্ম দেওয়া মরক্কো দলটিতে রয়েছে সব প্রবাসী খেলোয়াড়। ৪৭ বছর বয়সী রেগরাগি মরক্কো কোচ হিসেবে দায়িত্ব পান গত অগাস্টে, বিশ্বকাপ শুরুর তিন মাসেরও কম সময় আগে। দায়িত্ব নেওয়ার পরই দলটির আমূল পরিবর্তন করেন। আগের কোচের সঙ্গে ঝামেলায় বিদায় নেওয়া হাকিম জিয়াশকে ফিরিয়ে আনেন জাতীয় দলে। তাঁর জন্য সমালোচনার মুখোমুখি হতে হয় রেগরাগিকে। তবে সব কিছুকে উপেক্ষা করে তিনি যা করে দেখিয়েছেন তা এক কথায় অসম্ভব!

  • FIFA World Cup 2022: আর্জেন্টিনার আকাশে বিষাদের সুর, ফাইনালের আগেই অবসর ঘোষণা মেসির

    FIFA World Cup 2022: আর্জেন্টিনার আকাশে বিষাদের সুর, ফাইনালের আগেই অবসর ঘোষণা মেসির

    ।। প্রথম কলকাতা ।।

     

    ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। মাঠজুড়ে আলো ছড়ালেন লিওনেল মেসি। গোল করলেন, গোল করালেন। কাতারের লুসাইল স্টেডিয়াম যেন হয়ে উঠল মেসিময়। মেসিম্যাজিকের সামনে দাঁড়াতেই পারল না ইউরোপের দেশটি। এদিন বিশ্বকাপে ১১ গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার হয়েছেন লিওনেল মেসি। তবে সুখের রাতে বিষাদের সুর আর্জেন্টিনার আকাশে। ম্যাচ জয়ের পর নীল-সাদা জার্সিতে পরে ফাইনালে শেষবার খেলার কথাও ঘোষণা করে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। কাতার বিশ্বকাপই যে মেসির শেষ বিশ্বকাপ তা আগেই জানিয়েছিলেন মেসি। এবার সেই কথা আরও মনে করিয়ে দিলেন তিনি। ফাইনাল ম্যাচই দেশের জার্সিতে মেসির শেষ ম্যাচ।

     

    দেশের হয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছেন লিওনেল মেসি। আর সেই পথে একটু একটু করে এগিয়ে চলেছেন এলএমটেন। আর তার আগেই মেসির অবসরের ঘোষণা সমর্থকদের মন খারাপ হওয়ারই কথা। এদিন ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম আউটলেট দিয়ারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানিয়েছেন, ‘আমি এটা অর্জন করতে পেরে খুবই আনন্দিত বোধ করছি, ফাইনালে আমার শেষ ম্যাচ খেলে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পারব।” তিনি আরও বলেন, “পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক বছর দেরি। আমার মনে হয় না যে ততদিন আমি খেলা চালিয়ে যেতে পারব। নিজের সেরা ফর্মে থেকে অবসর গ্রহণ করতে পারছি, এর থেকে ভালো আর কীই বা হতে পারে।”

     

    পাশাপাশি সতীর্থদের বার্তা দিলেন, “আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। উপভোগ করুন!” ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। গত রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তবে এবার মেসির অসাধারণ পারফরম্যান্সে আবারও স্বপ্নপূরণের খুব কাছে পৌঁছে গেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে আলো চড়াচ্ছেন মেসি। রেকর্ডের রঙে নিজেকে রাঙিয়ে দিচ্ছেন। দলকে নিয়ে যাচ্ছেন সাফল্যের চূড়ায়। শুধু সর্বোচ্চ স্কোরার নন, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন তিনি।

  • FIFA World Cup 2022: মেসির রাঙানো মঞ্চে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    FIFA World Cup 2022: মেসির রাঙানো মঞ্চে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    ।। প্রথম কলকাতা ।।

    ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মধুর প্রতিশোধ আর্জেন্টিনার। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বল পায়ে নিজের জাত চেনালেন লিওনেল মেসি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে গোল করলেন এবং করালেন, সেইসঙ্গে গড়লেন রেকর্ডও। মেসির রাঙানো মঞ্চে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না গতবারের রানার্সরা।

    লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে শুরু থেকে নিজেদের খুঁজে পেতে সময় লাগলো আর্জেন্টিনার। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরালেন লিওনেল মেসি। বল নিয়ে ক্রোয়েশিয়ার বক্সে আগন্তুক আলভারেজকে ফাউল করে বসেন ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। পেনাল্টি পায় আর্জেন্টিনা। এই গোলের পরই আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে শীর্ষে পৌঁছে গেলেন এলএম টেন। বিশ্বকাপের মঞ্চে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১১। গোলের পরই আক্রমণের ধার বাড়ল আলবিসেলেস্তেদের। পাঁচ মিনিট পরেই দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ালেন হুলিয়ান আলভারেজ। মেসির ক্রস থেকে বল পেয়ে পাল্টা আক্রমণে ওঠেন আলভারেজ। দুরন্ত টোকায় দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

    দ্বিতীয়ার্ধে বল দখলে আধিপত্য বাড়ালেও আর্জেন্টিনার ডেডলক ভাঙতে পারল না ক্রোয়েশিয়া। যে রক্ষণ নিয়ে আর্জেন্টিনার সবচেয়ে দুর্বলতা। সেই রক্ষণই বুঝিয়ে দিল ফাইনালে বিপক্ষকে রুখে দিতে প্রস্তুত ওতামেন্ডি-মলিনারা। তবে পাল্টা আক্রমণে ৬৯ মিনিটে ক্রোয়েশিয়ার জালে শেষ পেরেকটি পুঁতে দিলেন আলভারেজ। মেসির জাদু আর আলভারেজের দুরন্ত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন ম্যান সিটির এই ফরোয়ার্ড। এরপর আক্রমণে তেমন কিছুই করতে পারল না মদ্রিচ-পেরিসিচরা। বড় জয়ে ২০১৪ সালের পর ফের ফাইনালে পা রাখল মেসির আর্জেন্টিনা।

  • FIFA World Cup 2022: শেষ পরিসংখ্যানে এগিয়ে ক্রোয়েশিয়া, তবে ইতিহাস রয়েছে মেসিদের পাশে

    FIFA World Cup 2022: শেষ পরিসংখ্যানে এগিয়ে ক্রোয়েশিয়া, তবে ইতিহাস রয়েছে মেসিদের পাশে

    ।। প্রথম কলকাতা ।।

     

    চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। দুই দেশের এই উত্তেজনাপূর্ণ এই লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ফুটবলপ্রেমীরা। তবে লড়াইটা আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে হলেও, অনেকেই মনে করছেন লড়াইটা মেসি বনাম মদ্রিচের। দুই ‘এল এম ১০’ টেনের লড়াই। একজন মাঝ মাঠের কারিগর তো একজন ম্যাজিশিয়ান। দুই জনের খেলার ধাঁচ আলাদা হলেও অভিজ্ঞতায় কেউ কারোর চেয়ে কম নন।

     

    ২০১৪ সালে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। সেইবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। ৪ বছর পর রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার। গতবার সেরা খেলোয়াড় নির্বাচিত হন লুকা মদ্রিচ। আর এইবার সেই দুই তারকাই শেষ চারের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে। যেই হারবে তাকেই চিরদিনের মতো বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। হারাতে হবে রাজ্যপাট। বয়স তো এমটাই বলছে। বর্তমানে লিওনেল মেসির বয়স ৩৫ তো অন্যদিকে মদ্রিচের বয়স ৩৭। তাই দুই তারকা যে মেক্সিকোতে ফিরছেন না। তা অবশ্য সকলেরই জানা।

     

    আর্জেন্টিনার গত ম্যাচের নায়ক গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে দুটি গোল রুখে দিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলার অন্যতম কান্ডারি এই মার্টিনেজ। মদ্রিচ-পেরিসিচদের রুখতে আর্জেন্টাইনদের অন্যতম ভরসা মার্টিনেজ। অপরদিকে মেসিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়ার দুর্ভেদ্য প্রাচীর দমিনিক লিভাকোভিচ। যার হাতের জাদুতে আটকে গেছে জাপান ও ব্রাজিলের মতো দল।

     

    দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দলই রয়েছে সমান জায়গায়। এর আগে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। একটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল ইউরোপের দেশটি। ১৯৮৬ সালের পর মারাদোনার পর আর্জেন্টিনার জার্সিতে বিশ্বজয়ের শেষ সুযোগ মেসির। ইতিহাস বলছে সেমিফাইনালে এখনও পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। অন্যদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর প্রথমবার বিশ্বজয়ের হাতছানি তাড়া করে বেড়াচ্ছে মদ্রিচদের। এখন দেখার দুই দলের লড়াইয়ে কোন দল বাজিমাত করে।

  • FIFA World Cup 2022: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারি লাহোজকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

    FIFA World Cup 2022: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারি লাহোজকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

    ।। প্রথম কলকাতা ।।

     

    চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা। বিশ্বকাপের আর কোন ম্যাচ পরিচালনা করতে পারবেন না এই স্প্যানিশ রেফারি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনটাই জানা গেছে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের পর থেকেই বিতর্কে অ্যান্তনিও মাতেও লাহোজ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোট ১৬টি হলুদ কার্ড সহ একটি লাল কার্ড দেখান লাহোজ। তাঁর হলুদ কার্ড থেকে বাদ যাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচকেও হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি।

     

    এমনভাবে ম্যাচ পরিচালনার জন্য ক্ষুব্ধ হন লিওনেল মেসি। ম্যাচের পর রেফারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি জানান, আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। এখনই আমাকে নিষেধাজ্ঞা দেবে। তবে ম্যাচে কি হয়েছে, মানুষ দেখেছে।” আর্জেন্টাইন সুপারস্টার আরও বলেন, ফিফার উচিত বিষয়টির দিকে নজর দেওয়া। এমন একজন রেফারিকে দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া মোটেই ঠিক হয়নি।” মেসির পাশাপাশি রেফারি নিয়ে ক্ষোভ উগড়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজ।

     

    রেফারির হলুদ কার্ডের কোপে ইতিমধ্যেই সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে গেছে ডিফেন্ডার মার্কোস আকুনা ও রাইট ব্যাক গঞ্জালো মন্টেল। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারবেন না। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অ্যান্তনিও মাতেও লাহোজকে বাড়ি পাঠিয়ে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা শিবির। অনেকে আবার বলছেন ফিফা লিওনেল মেসি ও এমলিয়ানো মার্টিনেজের কথা শুনেছে।