Surendranath Law College Attendance Issue: কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজের ফর্ম ফিলাপ নিয়ে তৈরি হওয়া জট কাটল। ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকা পড়ুয়ারা, উপস্থিতির ব্যাপারে সেলফ ডিক্লারেশন দিয়ে পরীক্ষায় বসতে পারবেন। এমনটাই জানিয়েছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক কৌস্তুভ বাগচি। তাঁর পর্যবেক্ষণ, কলেজের টিচার-ইন-চার্জ সহ আগের ইউনিয়ন পরিচালনার দায়িত্বে থাকা ছাত্রনেতাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ নথিভুক্ত হয়েছে। পড়ুয়াদের উপস্থিতি সঠিকভাবে নথিভুক্ত করা হয়নি। শিক্ষকরাও কলেজে ঠিকমতো ক্লাস নিতেন না বলে অভিযোগ। সব দিক বিবেচনা করেই পড়ুয়াদের স্বার্থে উপস্থিতির হার নিয়ে নরম অবস্থান নিয়েছে কলেজ পরিচলান কমিটি। উল্লেখ্য, এদিনই ফর্ম পূরণের কথা ছিল। কিন্তু উপস্থিতির হার কম থাকা নিয়ে জটিলতা তৈরি হয়। ঠিক হয় অন্তত ৪০ শতাংশ উপস্থিতির হার থাকতেই হবে। সেক্ষেত্রে দেখা যায়, ৯০০ জনের মধ্যে ৬০০ জনই বসতে পারবে না পরীক্ষায়। একটি সেমেস্টারে ১৮০ জনের মধ্যে ১৪৪ জনেরই উপস্থিতি ৪০ শতাংশের নিচে। সমস্যা কাটাতে বৃহস্পতিবার কৌস্তুভ বাগচির সঙ্গে বৈঠকে বসেন কর্তৃপক্ষ ও পড়ুয়ারা। তারপরেই সেলফ ডিক্লারেশন নিয়ে পরীক্ষায় বসতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।













