২০ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, রবীন্দ্র সদনে বই প্রকাশ উপলক্ষে শহরে বাংলাদেশের নির্বাসিত লেখিকা

Taslima Nasrin Kolkata Visit – Bangladeshi author Taslima Nasrin receives a warm welcome at Kolkata Airport after returning to the city nearly 20 years later for her book launch event.

প্রায় দুই দশক পর আবার কলকাতায় পা রাখলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শনিবার রবীন্দ্র সদনে তাঁর ‘আত্মজীবনী সমগ্র’ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর।

দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটাচ্ছেন তসলিমা নাসরিন। ১৯৯৪ সালে তাঁর একটি বইকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র বিতর্ক ও অশান্তির জেরে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে দীর্ঘ সময় কাটান।

পরবর্তীতে কলকাতায় বসবাস শুরু করলেও, ২০০৭ সালে একটি বিতর্ককে কেন্দ্র করে রাজ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হলে তাঁকে কলকাতাও ছাড়তে হয়। তারপর দীর্ঘ প্রায় ২০ বছর পর আবার এই শহরে ফিরলেন তিনি।

কলকাতায় রওনা হওয়ার আগে শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তসলিমা। সেখানে তিনি লেখেন, “আজই এ প্রভাতে কলকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্ট ঘিরেই সাহিত্যপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়।

কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান উপস্থিত বিশিষ্টজনেরা। বিমানবন্দর থেকে তিনি আলিপুরের একটি হোটেলে যান। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘ কথা না বললেও, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শনিবার রবীন্দ্র সদনে তাঁর ‘আত্মজীবনী সমগ্র’ প্রকাশ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতি জগতের একাধিক ব্যক্তিত্ব। সেখানে নিজের বক্তব্য রাখার পাশাপাশি কবিতা পাঠও করবেন তসলিমা নাসরিন। সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে।

তসলিমার এই প্রত্যাবর্তন ঘিরে সাহিত্য মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেরই মত, দীর্ঘদিন পর তাঁর কলকাতায় ফিরে আসা মুক্তচিন্তা ও সাহিত্যচর্চার ক্ষেত্রেও একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। তবে তিনি স্থায়ীভাবে কলকাতায় থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

জানা গিয়েছে, শনিবারের অনুষ্ঠানের পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখিও হতে পারেন। তাঁর কলকাতা সফর ঘিরে সাহিত্য ও সংস্কৃতি মহলে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Exit mobile version