---
title: "অফিস বা পাবলিক কম্পিউটারে WhatsApp Web ব্যবহার করছেন? বড় বিপদের আশঙ্কা, সতর্ক করল কেন্দ্র"
url: "https://prothomkolkata.com/whatsapp-web-security-cyber-fraud-warning/"
published: "2026-11-23T12:01:21+00:00"
modified: "2026-11-23T12:01:25+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রযুক্তি"]
---

# অফিস বা পাবলিক কম্পিউটারে WhatsApp Web ব্যবহার করছেন? বড় বিপদের আশঙ্কা, সতর্ক করল কেন্দ্র

WhatsApp Web Security: কম্পিউটারে [WhatsApp Web](https://prothomkolkata.com/tag/whatsapp-web/) খুলে কাজ করছেন। কাজ শেষ করে ব্রাউজারের উইন্ডো বন্ধ করে দিয়েই নিশ্চিন্ত হচ্ছেন? আপনার অজান্তেই সেই কম্পিউটারে খোলা থেকে যেতে পারে হোয়াটসআপ অ্যাকাউন্ট। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যক্তিগত কথোপকথন পড়া থেকে শুরু করে আপনার পরিচয়ে প্রতারণা, এমনকী আর্থিক জালিয়াতিও করতে পারে সাইবার অপরাধীরা। তাই অফিস, সাইবার ক্যাফে বা অন্য কোনও পাবলিক কম্পিউটারে হোয়াটসআপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সাইবার অপরাধ দমনকারী সংস্থা।

২৩ নভেম্বর ২০২৬, সোমবার এই সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট এনালাইটিক্স ইউনিট । সংস্থার বক্তব্য, কম্পিউটারে হোয়াটসআপ ওয়েব ব্যবহার করার পর ঠিকমতো লগ আউট না করলে ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যে কম্পিউটার একাধিক ব্যক্তি ব্যবহার করেন, সেখানে এই ঝুঁকি আরও বেশি।

## লগ আউট না করলেই বিপদ! (WhatsApp Web Login)

I4C-এর সতর্কবার্তা অনুযায়ী, কোনও কম্পিউটারে হোয়াটসআপ ওয়েব লগ ইন করা অবস্থায় থাকলে অন্য কেউ সহজেই সেই [অ্যাকাউন্টে](https://prothomkolkata.com/twitter-major-update-to-verified-accounts-announced-by-twitter-chief-elon-musk/) প্রবেশের সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে ব্যক্তিগত মেসেজ, যোগাযোগের তালিকা এবং বিভিন্ন হোয়াটসআপ গ্রুপের কথোপকথন অন্যের নজরে চলে আসতে পারে। শুধু তাই নয়, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেয়ে অপরাধীরা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ব্যবহার করে অন্যদের মেসেজ পাঠাতে পারে।

এর মাধ্যমে পরিচিতদের কাছে ভুয়ো বার্তা পাঠানো, প্রতারণার ফাঁদ তৈরি করা এবং ফিশিংয়ের মতো সাইবার অপরাধ ঘটানো সম্ভব। পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মেসেজ আসায় অনেকেই সহজে বিশ্বাস করে ফেলেন। সেই সুযোগকেই কাজে লাগাতে পারে প্রতারকরা।

## ব্রাউজার বন্ধ করলেই কি লগ আউট হয়? (WhatsApp Web Logout)

এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা। অনেকেই মনে করেন, হোয়াটসআপ ওয়েব ব্যবহার করার পর ব্রাউজারের ট্যাব বা পুরো উইন্ডো বন্ধ করে দিলেই অ্যাকাউন্ট সুরক্ষিত হয়ে যায়। কিন্তু বাস্তবে তা নয়। ব্রাউজার বন্ধ করলেও হোয়াটসআপ ওয়েব -এর সক্রিয় লগ ইন সেশন বন্ধ নাও হতে পারে। ফলে পরবর্তী সময়ে অন্য কেউ ওই কম্পিউটার ব্যবহার করলে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে।

তাই প্রতিবার কাজ শেষ করার পর হোয়াটসআপ ওয়েব থেকে নিজে হাতে লগ আউট করা জরুরি। অফিসের কম্পিউটার, শেয়ার করা সিস্টেম এবং অন্যের ব্যবহারযোগ্য ডিভাইসের ক্ষেত্রে এই নিয়ম বিশেষভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

## সাইবার ক্যাফে বা হোটেলের কম্পিউটারে বাড়তি সতর্কতা (WhatsApp Web Safety)

I4C-এর পরামর্শ, সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার কিংবা পরিচিত নয় এমন ব্যক্তির কম্পিউটারে হোয়াটসআপ ওয়েব ব্যবহার করা এড়িয়ে চলুন। একান্তই ব্যবহার করতে হলে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করার কথা বলা হয়েছে।

পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে হোয়াটসআপ ওয়েব ব্যবহার করে সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা অন্য কোনও গোপনীয় তথ্য আদানপ্রদান না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। কারণ, কোনওভাবে অ্যাকাউন্টে অন্যের প্রবেশাধিকার তৈরি হলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থাকে।

## কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট অন্যের নিয়ন্ত্রণে? (WhatsApp Account Security)

অ্যাকাউন্টে অস্বাভাবিক কোনও কার্যকলাপ হচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে বলেছে I4C। যেমন, আপনার অজান্তে অন্য কাউকে মেসেজ চলে যাওয়া, পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক মেসেজের কথা জানতে পারা কিংবা অ্যাকাউন্টে অন্য কোনও সন্দেহজনক পরিবর্তন দেখা গেলে সতর্ক হতে হবে। এগুলি অননুমোদিত প্রবেশের ইঙ্গিত হতে পারে।এছাড়াও মোবাইল, কম্পিউটার, অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অজানা ফাইল ডাউনলোড, সন্দেহজনক লিঙ্ক এবং ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার থেকেও দূরে থাকতে বলা হয়েছে।

WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই কাজ শেষ হলেই লগ আউট করা, অপরিচিত কম্পিউটারে লগ ইন না করা এবং অ্যাকাউন্টের অস্বাভাবিক কার্যকলাপের দিকে নজর রাখাই সাইবার প্রতারণা এড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।
