---
title: "কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়া, কবে থেকে কমবে তাপমাত্রা?"
url: "https://prothomkolkata.com/west-bengal-weather-temperature-drop-after-akvan/"
published: "2026-11-22T05:41:15+00:00"
modified: "2026-11-22T05:42:34+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়া, কবে থেকে কমবে তাপমাত্রা?

West Bengal Weather: ঘূর্ণিঝড় [অ্যাকভানের](https://prothomkolkata.com/cyclone-akvan-kolkata-weather-rain-forecast/) প্রভাব কাটতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে বৃষ্টির দাপট থাকলেও আজ অর্থাৎ রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। দেখা যাচ্ছে রোদেরও। এবার এখন তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাজ্যে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

## নিষ্ক্রিয় অ্যাকভানের অবশিষ্টাংশ (West Bengal Weather Akvan Cyclone)

বঙ্গোপসাগরে পরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বারবার পরিবর্তন দেখা যাচ্ছিল। কিছু দিন আগে ঘূর্ণিঝড় অ্যাকভান [ওড়িশা](https://prothomkolkata.com/tag/%e0%a6%93%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/) উপকূলে গোপালপুরের কাছে আছড়ে পড়ে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় অ্যাকভানের অবশিষ্টাংশ দুর্বল হয়ে শনিবার একটি সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল। উত্তর ছত্তীসগঢ় এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল সেই নিম্নচাপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণি ঝড়ের দাপটও ছিল। তবে ধীরে ধীরে সেটিও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর অ্যাকভানের আর কোনও প্রভাব নেই।

## সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Rain Forecast)

রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোনও জেলাতেই নতুন করে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। যদিও সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা জারি নেই। ফলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নতুন করে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

## তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ (West Bengal Weather Temperature)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর কোনও বাধা থাকছে না। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে। তবে এখনই দিনের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

## রবিবার কলকাতার তাপমাত্রা কত? (Kolkata Temperature)

আজ রবিবার, ২২ নভেম্বর সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৪.৮ ডিগ্রি কম। নিম্নচাপের প্রভাব কাটতেই রাজ্যের আবহাওয়ায় বদল আসতে শুরু করেছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কমলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ আরও স্পষ্ট হতে পারে।
