---
title: "ভোটার তালিকায় নাম নেই? ট্রাইবুনাল নিয়ে কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের"
url: "https://prothomkolkata.com/west-bengal-sir-tribunal-supreme-court-order/"
published: "2026-11-24T04:00:00+00:00"
modified: "2026-11-24T03:36:22+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ভোটার তালিকায় নাম নেই? ট্রাইবুনাল নিয়ে কমিশনকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

West Bengal SIR Tribunal: রাজ্যে [পুরসভা ভোটের](https://prothomkolkata.com/kolkata-howrah-municipal-election/) আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। একইসঙ্গে রাজ্যে এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। কলকাতা হাই কোর্টের সঙ্গে আলোচনা করে এই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

## নাম বাদ পড়ার আবেদনেই অগ্রাধিকার (SIR Voter List Deletion)

সোমবার পশ্চিমবঙ্গের [এসআইআর](https://prothomkolkata.com/kapil-sibal-sir-notice/) সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, ট্রাইবুনালে জমা পড়া সব আবেদন একসঙ্গে বিবেচনা করা যাবে না। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আবেদনের নিষ্পত্তি আগে করতে হবে। কারণ, ট্রাইবুনালে দু'ধরনের আবেদন জমা পড়ছে। একদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আবেদন করছেন অনেকে। অন্যদিকে, তালিকায় নতুন করে নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধেও আবেদন জমা পড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই দুই ধরনের আবেদন আলাদা করে দেখতে হবে। প্রথমে নাম বাদ পড়া সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে। তার পর নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে জমা পড়া আবেদনগুলি বিবেচনা করা যাবে।

## কলকাতা পুরসভা এলাকার আবেদনেও বিশেষ গুরুত্ব (Kolkata Voter List)

শীর্ষ আদালতের নির্দেশে পুরভোটের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। যে সমস্ত বিধানসভা এলাকায় পুরসভা নির্বাচন হওয়ার কথা, সেই এলাকার নাম বাদ পড়া ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কলকাতা পুরসভা এলাকার ভোটারদের আবেদনেও।

এছাড়াও ট্রাইবুনালে যাতে সাধারণ মানুষ সহজে আবেদন জানাতে পারেন, তার জন্য কলকাতার বিভিন্ন জায়গা চিহ্নিত করতে হবে নির্বাচন কমিশনকে। যাতায়াতের সুবিধা রয়েছে, এমন জায়গাতেই ট্রাইবুনালের কাজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

## এখনও বিচারাধীন বহু আবেদন (SIR Tribunal Pending Cases)

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের হাতে যায়। হাই কোর্টের প্রধান বিচারপতিকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বর্তমানে কাজ চলছে। তবে এখনও বহু আবেদন নিষ্পত্তি হয়নি। বর্তমানে ট্রাইবুনালে রয়েছেন ১৭ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। সূত্রের খবর, প্রতিদিন ট্রাইবুনালের কাজ হচ্ছে না। ফলে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি নিয়ে প্রশ্ন উঠছিল।

এই পরিস্থিতিতে ট্রাইবুনালের সংখ্যা বাড়ানো এবং নাম বাদ পড়া ভোটারদের আবেদনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পুরভোটের আগে ভোটার তালিকা সংক্রান্ত অনিশ্চয়তা কাটাতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ তাৎপর্যপূর্ণ।
