---
title: "নতুন বছরে নতুন নামে পাঠ্যবই! রাজ্যের ১৭টি বইয়ে বড়সড় পরিবর্তন, জানুন বিস্তারিত"
url: "https://prothomkolkata.com/west-bengal-school-book-name-change-2027/"
published: "2026-11-27T05:28:41+00:00"
modified: "2026-11-27T05:28:46+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# নতুন বছরে নতুন নামে পাঠ্যবই! রাজ্যের ১৭টি বইয়ে বড়সড় পরিবর্তন, জানুন বিস্তারিত

West Bengal School Book Name Change: রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলাতে চলেছে স্কুলের পাঠ্যবইয়ের নামও। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি [বইয়ের](https://prothomkolkata.com/sonia-gandhi-autobiography-bjp-attack-congress/) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। তৃণমূল সরকারের আমলে যে নামগুলি রাখা হয়েছিল, সেগুলির পরিবর্তে নতুন নাম দেওয়া হয়েছে। আগামী ২ জানুয়ারি, ২০২৭ থেকে নতুন নামের পাঠ্যবই হাতে পাবে রাজ্যের পড়ুয়ারা। আগেই রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। এবার সেই পরিবর্তনের তালিকায় যুক্ত হল পাঠ্যবইয়ের নামও। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, সিলেবাস কমিটির সদস্যরা আলোচনা করে নতুন নামগুলি চূড়ান্ত করেছেন। এই বিষয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, পড়ুয়াদের কাছে বইগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার কথা মাথায় রেখেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

## কী বলছেন শিক্ষামন্ত্রী? (West Bengal School Book Name Change)

বইয়ের নাম পরিবর্তন নিয়ে [শিক্ষামন্ত্রী](https://prothomkolkata.com/tag/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%81/) দীপক বর্মণ বলেন, ছাত্রছাত্রীরা যাতে বইগুলির প্রতি আরও আকৃষ্ট হয়, সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলি পড়ুয়ারা কীভাবে গ্রহণ করে, সেটাই এখন দেখার। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মতামত দেননি। নাম পরিবর্তনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ বা প্রস্তাবও ছিল না। শিক্ষামন্ত্রী নিজেও সিলেবাস কমিটির কাছে কোনও নির্দিষ্ট নাম প্রস্তাব করেননি। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করেই নতুন নামগুলি ঠিক করেছেন।

## কোন বইয়ের নাম কী হচ্ছে? (West Bengal New Textbook Names)

প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি বইয়ের নাম বদলানো হচ্ছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন ইতিমধ্যেই সামনে এসেছে।

প্রথম শ্রেণির পড়ুয়াদের জন্য নির্ধারিত 'আমার বই'-এর নাম পরিবর্তন করে রাখা হচ্ছে 'নবপল্লব'। অন্যদিকে, তৃতীয় শ্রেণির 'পাতাবাহার' বইটির নতুন নাম হচ্ছে 'নবাঙ্কুর'। ষষ্ঠ শ্রেণির ইতিহাসের বই 'অতীত বা ঐতিহ্য'-এর নাম বদলে রাখা হচ্ছে 'প্রাচীন ইতিহাস'। বাকি বইগুলির নতুন নামও ধাপে ধাপে সামনে আসবে বলে জানা যাচ্ছে।

## নতুন বছরে নতুন বই (West Bengal School Books)

শুধু বইয়ের নাম পরিবর্তন নয়, নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই একাধিক পরিবর্তন কার্যকর করার প্রস্তুতি চলছে। আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যে নতুন অ্যাটেনডেন্স ব্যবস্থা চালু হওয়ার কথা। একই দিন থেকে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে নতুন নামের পাঠ্যবই। জানা গেছে , প্রায় ৩৫০টি টাইটেলের মোট ১০ কোটি বই নতুন করে ছাপানো হচ্ছে। বছরের শুরুতেই যাতে সমস্ত পড়ুয়ার হাতে বই পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নতুন সিলেবাস কমিটি গঠন করা হয়েছিল। সেই সময় পাঠ্যক্রমে একাধিক নতুন বিষয় যুক্ত হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়েও পরিবর্তন আনা হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় পাঠ্যবইয়ের নামেও বদল আনছে নতুন সরকার।
