---
title: "IPS অফিসারদের জন্য একগুচ্ছ আর্থিক সুবিধা, বিশেষ ভাতা থেকে ৫০ লক্ষের শিক্ষা ঋণ, বড় ঘোষণা নবান্নের"
url: "https://prothomkolkata.com/west-bengal-ips-officers-new-allowances-benefit/"
published: "2026-11-18T04:10:00+00:00"
modified: "2026-11-18T10:15:01+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# IPS অফিসারদের জন্য একগুচ্ছ আর্থিক সুবিধা, বিশেষ ভাতা থেকে ৫০ লক্ষের শিক্ষা ঋণ, বড় ঘোষণা নবান্নের

West Bengal IPS Officers Benefits: রাজ্যের আইপিএস আধিকারিকদের জন্য একগুচ্ছ আর্থিক সুবিধা ও নতুন ভাতা চালুর সিদ্ধান্ত নিল নবান্ন। বিশেষ ভাতা, বাড়িভাড়ার খরচ ফেরত, সন্তানদের উচ্চশিক্ষার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, বিদেশ ভ্রমণের সুবিধা-সহ একাধিক সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। শুধু কর্মরত আইপিএস আধিকারিকরাই নন, অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার অফিসারদের জন্যও বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

আইপিএস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবিদাওয়া খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই ঘোষণাকে ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

## মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা (West Bengal IPS Officers Benefits)

নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস আধিকারিকরা মাসে ১৫ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন। পরবর্তী সময়ে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে। অর্থাৎ, কর্মরত আধিকারিকদের মাসিক আর্থিক সুবিধা বাড়তে চলেছে।

## বাড়িভাড়ার জন্য মাসে ৬০ হাজার টাকা (West Bengal IPS Officers Benefits)

সরকারি আবাসন না পাওয়া আইপিএস আধিকারিকদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। যাঁরা সরকারি বাড়ি পাননি এবং আলাদা করে বাড়িভাড়া ভাতা বা এইচআরএ নেন না, তাঁরা বাড়িভাড়ার খরচ বাবদ মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই অর্থের পরিমাণ ২০ শতাংশ হারে বাড়ানো হবে।

## সন্তানদের পড়াশোনায় ৫০ লক্ষের ঋণ (West Bengal IPS Officers Benefits)

আইপিএস আধিকারিকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। শুধু দেশের মধ্যে নয়, বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি বোর্ডিং স্কুলে পড়াশোনার খরচও এই ঋণের আওতায় রাখা হয়েছে।

## বিদেশ ভ্রমণ ও অফিস সহায়কের সুবিধা (West Bengal IPS Officers Benefits)

নতুন নির্দেশিকায় বিদেশ ভ্রমণের জন্য আর্থিক সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অফিসের কাজের সুবিধার জন্য একজন সহায়ক বা অ্যাসিস্ট্যান্ট রাখার খরচও সরকার ফেরত দেবে।

## অবসরপ্রাপ্ত ডিজিপিদের জন্যও বিশেষ সুবিধা (West Bengal IPS Officers Benefits)

অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আইপিএস আধিকারিকদের জন্যও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরের পর তাঁরা দু'জন করে অ্যাটেনডেন্ট রাখতে পারবেন। ওই দুই কর্মীর বেতন রাজ্য সরকারের তরফে বহন করা হবে। শ্রম দফতরের নির্ধারিত বেতন কাঠামো মেনেই এই খরচ দেওয়া হবে।

প্রশাসনিক মহলের মতে, আইপিএস আধিকারিকদের কাজের পরিবেশ উন্নত করা এবং তাঁদের মনোবল বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। নতুন নির্দেশিকা কার্যকর হলে রাজ্যের আইপিএস আধিকারিকরা একাধিক ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন।
