---
title: "আবাস যোজনার টাকা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, ৩০ নভেম্বরের মধ্যে ফেরাতে হবে অর্থ"
url: "https://prothomkolkata.com/west-bengal-awas-yojana-second-installment-2026/"
published: "2026-11-13T08:54:49+00:00"
modified: "2026-11-13T08:54:54+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# আবাস যোজনার টাকা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, ৩০ নভেম্বরের মধ্যে ফেরাতে হবে অর্থ

West Bengal Awas Yojana: পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেলেন ৭ লক্ষেরও বেশি উপভোক্তা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ৪২০০ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। একইসঙ্গে আবাস যোজনায় অনিয়ম ও ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার বিষয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা কোনওভাবেই অযোগ্য ব্যক্তিদের হাতে থাকতে দেওয়া হবে না।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক, রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্র এবং পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

## দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষের বেশি উপভোক্তা (West Bengal Awas Yojana)

অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল জানান, আবাস যোজনার উপভোক্তাদের একাধিক পর্যায়ে যাচাই করা হয়েছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে বাড়ি নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সরেজমিনে পরিদর্শন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার সংযোগ যাচাইয়ের পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি জানান, প্রায় ৭ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তিতে মাথাপিছু ৬০ হাজার টাকা করে পাবেন। এর আগে প্রায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়েছিল। নতুন করে এই অর্থ দেওয়ার ফলে আরও বহু পরিবারের বাড়ি তৈরির কাজ এগিয়ে যাবে।মুখ্যসচিব আরও জানান, আবাস যোজনার সঙ্গে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও যুক্ত করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে শৌচাগার, জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের সংযোগ এবং বিদ্যুৎ ও এলপিজি সংযোগের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সোলার প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

## ভুয়ো উপভোক্তা নিয়ে কড়া বার্তা (West Bengal Awas Yojana)

যাচাইয়ের সময় একাধিক অনিয়মের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানান মুখ্যসচিব। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ৫৭ হাজার নামের ক্ষেত্রে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত অথবা ডুপ্লিকেট উপভোক্তার তথ্য পাওয়া গিয়েছে। এছাড়া ১২ হাজারের বেশি অযোগ্য উপভোক্তাকেও চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি অর্থ সাধারণ মানুষের করের টাকা। তাই সেই অর্থের অপব্যবহার কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা অযোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার টাকা পেয়েছেন, তাঁদের দ্রুত টাকা ফেরত দিতে হবে।মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১২ হাজার অযোগ্য উপভোক্তার মধ্যে প্রায় এক হাজার জন ইতিমধ্যে টাকা ফেরত দিয়েছেন। বাকিদের ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যথায় আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন। ভুয়ো উপভোক্তার নাম তালিকায় তোলার পিছনে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার কথাও বলেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিআইডি এবং বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেও তদন্ত করা হতে পারে। দুর্নীতি রুখতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে সক্রিয় করার কথাও উল্লেখ করেন তিনি।

## MGNREGA মজুরি ও অতিরিক্ত ৩০ হাজার টাকা (West Bengal Awas Yojana)

আবাস যোজনার সঙ্গে কেন্দ্রীয় সরকারের মনরেগা (MGNREGA) প্রকল্পের সুবিধা যুক্ত করার বিষয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাড়ি তৈরির কাজে যুক্ত উপভোক্তারা মনরেগার মাধ্যমে ৯০ দিনের শ্রমের মজুরি পেতে পারেন। এর ফলে প্রত্যেক উপভোক্তা অতিরিক্ত প্রায় ৩০ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি শৌচাগার নির্মাণের জন্য স্বচ্ছ ভারত মিশনের অধীনে ১২ হাজার টাকা দেওয়া হবে। মনরেগায় দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে অন্তত ৪০০ টাকা করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

## সোলার প্যানেল ও অতিরিক্ত আর্থিক সাহায্য (West Bengal Awas Yojana)

আবাস যোজনার উপভোক্তাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বাড়িতে সোলার প্যানেল বসালে বিদ্যুতের খরচ কমবে। এই প্রকল্পে ১০০ ইউনিট, ২০০ ইউনিট এবং ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে যথাক্রমে ৩০ হাজার, ৬০ হাজার এবং ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকির সুবিধার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া তফশিলি জাতি ও উপজাতিভুক্ত উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ১৫ হাজার টাকা সাহায্য দেওয়ার বিষয়েও জানান তিনি। বাড়ি তৈরির খরচ সামলাতে উপভোক্তারা যাতে কম দামে বালি পান, সে জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বর্তমান বাজারে রড, সিমেন্ট এবং অন্যান্য নির্মাণ সামগ্রীর দাম বেশি। তাই ৬০ হাজার টাকায় বাড়ি তৈরি সম্পূর্ণ করা কঠিন। এই বিষয়টি মাথায় রেখেই অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছে সরকার।

## মার্চের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার লক্ষ্য (West Bengal Awas Yojana)

অনুষ্ঠানে জানানো হয়, ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৭৪ হাজার বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি বাড়িগুলির নির্মাণকাজ আগামী মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি আবাস প্লাস প্রকল্পের অধীনে নতুন উপভোক্তা চিহ্নিত করার কাজও চলছে। প্রায় ৫৪ লক্ষ ৫৮ হাজার মানুষের সমীক্ষা করা হয়েছে। প্রায় ৫০ লক্ষ বাড়ির ম্যাপিং ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে বলে জানানো হয়।মুখ্যমন্ত্রী আরও জানান, গ্রামীণ উন্নয়নের কাজে পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি বন, শিক্ষা, স্বাস্থ্য, গ্রন্থাগার ও পুলিশের মতো বিভিন্ন দপ্তরকে যুক্ত করা হচ্ছে। পঞ্চায়েতের কাজের গতি বাড়াতে প্রায় ৮ হাজার কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। আধিকারিক ও ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রে জেলাশাসকদের দায়িত্ব দেওয়া হবে। পঞ্চায়েত প্রধানরা সহযোগিতা না করলেও যাতে প্রশাসনিক কাজ বন্ধ না থাকে, সে জন্য পঞ্চায়েত আইনে পরিবর্তন আনার কথাও জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আধিকারিকরা গ্রাম সংসদের বৈঠক ডাকতে পারবেন। পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন ও অন্যান্য দাবিদাওয়া দ্রুত মেটানোর নির্দেশও দিয়েছেন তিনি।

## অন্যান্য প্রকল্প নিয়েও বার্তা (West Bengal Awas Yojana)

এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার কথাও উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ইতিমধ্যে ১ কোটি ৬৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আরও ২০ থেকে ২৫ লক্ষ মহিলার যাচাইয়ের কাজ চলছে। কৃষক বন্ধু প্রকল্পের যাচাই এবং ওবিসি শংসাপত্র সংক্রান্ত কাজও চলবে। পাশাপাশি আগামী দিনে জনগণনার কাজের প্রস্তুতির কথাও জানান তিনি। বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আওতায় কর্মদিবস তৈরির বিষয়েও পঞ্চায়েত দপ্তরকে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত পাঁচ থেকে সাত দিনে প্রায় ১ কোটি ৬০ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে।সবশেষে মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক পরিচয় বা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হবে না। যাঁরা প্রকৃত অর্থে বাড়ি তৈরির সাহায্য পাওয়ার যোগ্য, তাঁদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
