---
title: "এনকাউন্টার করে বন্ধ হবে না নারী নির্যাতন, আরজিকর থেকে শ্যামবাজার মিছিল ‘ভয়েস অফ অভয়া’র"
url: "https://prothomkolkata.com/voice-of-abhaya-protest-march-rg-kar-justice/"
published: "2026-11-12T14:43:49+00:00"
modified: "2026-11-12T14:43:55+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# এনকাউন্টার করে বন্ধ হবে না নারী নির্যাতন, আরজিকর থেকে শ্যামবাজার মিছিল ‘ভয়েস অফ অভয়া’র

Voice of Abhaya Protest March: নারী নির্যাতন বন্ধ করতে এনকাউন্টার কোনও সমাধান হতে পারে না। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির পাশাপাশি প্রয়োজন প্রকৃত বিচার। এই দাবিতেই বৃহস্পতিবার রাস্তায় নামল ‘ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন’। আরজিকর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে হাঁটলেন অসংখ্য মানুষ। মিছিলে যোগ দেন চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের সদস্যরা। ২০২৪ সালে আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের পরিচিত মুখদেরও দেখা গেল এ দিনের কর্মসূচিতে।মিছিলের শুরুতে আরজিকর মেডিক্যাল কলেজে অভয়ার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান আন্দোলনকারীরা। তারপর সেখান থেকে শ্যামবাজারের উদ্দেশে যাত্রা শুরু হয়। মিছিলে পা মেলান চিকিৎসক ডা. অনিকেত মাহাতো, ডা. সজল বিশ্বাস এবং ডা. বিপ্লব চন্দ্র। তাঁদের বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তন হলেও মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ হয়নি। একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। কিন্তু প্রকৃত বিচার এখনও অধরা।

## এনকাউন্টার নয়, চাই প্রকৃত বিচার (Voice of Abhaya Protest March)

সম্প্রতি জুলাই মাসে বারুইপুর এবং অক্টোবরে গাইঘাটায় ধর্ষণের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পরেও নারী নির্যাতনের ছবিতে বিশেষ পরিবর্তন হয়নি। বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি এনকাউন্টারের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে এনকাউন্টারকে সমাধান হিসেবে তুলে ধরার বিরোধিতা করেছে ‘ভয়েস অফ অভয়া ভয়েস অফ উইমেন’। ডা. বিপ্লব চন্দ্র বলেন, এখন বাংলাজুড়ে উৎসবের মরশুম চলছে। কিন্তু এ দিনের মিছিলে মানুষের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে, উৎসবের আনন্দের মধ্যেও নারী নির্যাতনের বিষয়টি মানুষ ভুলে যাননি। তাঁর বক্তব্য, সরকার পরিবর্তনের পরেও রাজ্যে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। ধর্ষণের অভিযোগ উঠলেই অভিযুক্তকে এনকাউন্টার করা হচ্ছে। কিন্তু এভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন প্রকৃত বিচার এবং অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি।

## ছয় মাসেও মেলেনি ন্যায়বিচার, প্রশ্ন সজল বিশ্বাসের (Voice of Abhaya Protest March)

মিছিল থেকে নতুন সরকারকেও নিশানা করেন ডা. সজল বিশ্বাস। তাঁর বক্তব্য, আরজিকর আন্দোলনের উপর ভর করেই বাংলায় রাজনৈতিক পরিবর্তন এসেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত ন্যায়বিচার দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সেই বিচার মেলেনি বলে অভিযোগ তাঁর।আরজিকর আন্দোলনের সময় সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন, সেই প্রতিবাদী মনোভাব এখনও রয়েছে বলেও মনে করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না। নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুরনো মামলাগুলির দ্রুত নিষ্পত্তিও জরুরি।

## সন্দীপ ঘোষের জামিন নিয়েও ক্ষোভ (Voice of Abhaya Protest March)

এ দিনের মিছিল থেকে আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গও উঠে আসে। আরজিকর কাণ্ডের পর হাসপাতালের একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগও তাঁর বিরুদ্ধে সামনে আসে। আর্থিক অনিয়মের মামলায় জেলেও যেতে হয়েছিল সন্দীপ ঘোষকে। তবে বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলার কারণে সম্প্রতি তিনি জামিন পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

ডা. সজল বিশ্বাসের অভিযোগ, আরজিকর ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। টালা থানার তৎকালীন ওসির নামও এই ঘটনার তদন্তে উঠে এসেছিল। তাঁদের দাবি, এই ঘটনায় যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের অনেকেই বর্তমানে জামিনে মুক্ত।

## সিবিআইয়ের চার্জশিট নিয়ে প্রশ্ন (Voice of Abhaya Protest March)

মিছিল থেকে তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন ডা. সজল বিশ্বাস। তাঁর সন্দেহ, প্রশাসনের সঙ্গে কোনও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর প্রশ্ন, ঘটনার তদন্তে প্রয়োজনীয় তথ্য থাকার পরেও সিবিআই কেন নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি?আন্দোলনকারীদের বক্তব্য, আরজিকর কাণ্ডের বিচার এখনও তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একটি ঘটনার বিচার নয়, রাজ্যের প্রতিটি মহিলার নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। এনকাউন্টার নয়, আইনের পথে দোষীদের শাস্তি এবং নির্যাতিতাদের ন্যায়বিচারই তাঁদের প্রধান দাবি।
