---
title: "কঠিন সময়ে সাহায্যের হাত শিন্ডের! কাম্বলির চিকিৎসা থেকে সন্তানদের পড়াশোনা, কী ঘোষণা?"
url: "https://prothomkolkata.com/vinod-kambli-treatment-eknath-shinde-shiv-sena/"
published: "2026-11-29T12:40:07+00:00"
modified: "2026-11-29T12:40:09+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["খেলা","ক্রিকেট"]
---

# কঠিন সময়ে সাহায্যের হাত শিন্ডের! কাম্বলির চিকিৎসা থেকে সন্তানদের পড়াশোনা, কী ঘোষণা?

Vinod Kambli Treatment: ক্রিকেটের মাঠে একসময় দাপিয়ে খেলেছেন। ভারতীয় [ক্রিকেটে](https://prothomkolkata.com/who-is-the-record-holder-for-most-runs-in-one-over-in-test-cricket/) নিজের প্রতিভার ছাপ রেখেছেন বিনোদ কাম্বলি। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শুধু চিকিৎসার দায়িত্ব নেওয়াই নয়, কাম্বলির দুই সন্তানের পড়াশোনার খরচও বহন করার আশ্বাস দিয়েছে শিবসেনা।

## মস্তিষ্কে রক্ত জমাট, প্রয়োজন দীর্ঘদিনের চিকিৎসা (Vinod Kambli's Health)

শনিবার, ২৮ নভেম্বর মুম্বইয়ে নিজের সরকারি বাসভবন 'নন্দনবন'-এ একনাথ শিন্ডের সঙ্গে দেখা করতে যান বিনোদ কাম্বলি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অ্যান্ড্রিয়া হিউইট, দুই সন্তান জিজাস কাম্বলি ও জোহানা কাম্বলি। এছাড়াও উপস্থিত ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) পিচ কিউরেটর নদীম মেমন।

সেই সাক্ষাতের পরেই [কাম্বলির](https://prothomkolkata.com/yasaswi-broke-sachins-record-in-the-debut-test-how-much-did-he-beat-master-blaster/) শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানান শিন্ডে। তাঁর কথায়, প্রাক্তন ক্রিকেটারের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এর ফলে বারবার ব্রেন স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি স্মৃতিশক্তি কমে যাওয়া-সহ একাধিক শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি। এই অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠতে দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন কাম্বলি।

https://twitter.com/mieknathshinde/status/2126702856879366339?a=Lgbwwn6xFMeiJyn6uxQ&s=19

## জুপিটার হাসপাতালে হবে চিকিৎসা ( Vinod Kambli Treatment)

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে গোটা বিষয়টি জানান একনাথ শিন্ডে। তিনি লেখেন, কাম্বলি এবং তাঁর পরিবারকে সবরকম চিকিৎসার আশ্বাস দিয়েছেন তিনি। ঠাণের জুপিটার হাসপাতালে প্রাক্তন ক্রিকেটারের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসায় যাতে কোনওরকম বাধা না আসে, সেই বিষয়টিও নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

শুধু চিকিৎসাই নয়, কাম্বলির পরিবারের আর্থিক দুশ্চিন্তা কমাতেও উদ্যোগী হয়েছেন শিন্ডে। তাঁর ঘোষণা, শিবসেনার পক্ষ থেকে কাম্বলির দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে। বাবার অসুস্থতার কারণে যাতে তাদের পড়াশোনায় কোনও ছেদ না পড়ে, তা নিশ্চিত করবে দল।

### আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন কাম্বলি (Vinod Kambli Health)

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার। ২০১৩ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসেও ঠাণের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। মূত্রনালির সংক্রমণ, পেশিতে টান, মাথা ঘোরা এবং শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার মতো সমস্যা দেখা দিয়েছিল।

এমনকী, চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টিও চিহ্নিত করেছিলেন। এরপর ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ঠাণের একটি প্রবীণদের পরিচর্যাকেন্দ্র থেকে ভিডিও বার্তা দিয়েছিলেন কাম্বলি। বর্তমানে তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এই পরিস্থিতিতে একনাথ শিন্ডের আশ্বাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে প্রাক্তন ক্রিকেটার ও তাঁর পরিবারকে।

তথ্যসূত্র: ANI। APNA MA TV +2
