---
title: "ব্রেকহীন বন্দে ভারতের ৪৬৩ কিমি সফর! অভিযোগ পেয়েও কেন চুপ ছিল রেল?"
url: "https://prothomkolkata.com/vande-bharat-train-brake-failure-463-km-journey/"
published: "2026-11-16T05:10:00+00:00"
modified: "2026-11-18T10:28:35+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ব্রেকহীন বন্দে ভারতের ৪৬৩ কিমি সফর! অভিযোগ পেয়েও কেন চুপ ছিল রেল?

Vande Bharat Train Brake Failure: ব্রেক কাজ করছিল না। তা সত্ত্বেও ৪৬৩ কিলোমিটার পথ ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। শুধু তাই নয়, যাত্রাপথে একাধিকবার ট্রেনের ব্রেকের ত্রুটি নজরে এসেছিল চালকদের। লিখিত অভিযোগও জমা পড়েছিল রেলের আধিকারিকদের কাছে। কিন্তু কোনও অভিযোগেই গুরুত্ব দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ইঞ্জিনের নিজস্ব ব্রেক এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের ভরসাতেই দীর্ঘ পথ পাড়ি দিল গোটা ট্রেন। ঘটনাটি সামনে আসতেই রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ট্রেনটি খালি থাকায় কোনও যাত্রী হতাহত হননি। তবে ওই ট্রেনে যাত্রী থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে মনে করছেন রেলের আধিকারিকরা। ঘটনাটি গত ২৪ অক্টোবরের। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে। ঘটনার গুরুত্ব বুঝে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। কীভাবে একটি ট্রেনের সমস্ত কামরার ব্রেক বিকল থাকা সত্ত্বেও সেটিকে এতটা পথ চলতে দেওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

## হাতিয়া থেকে ঝাঁসি যাচ্ছিল বন্দে ভারত (Vande Bharat Train Brake Failure)

রেল সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছিল একটি খালি বন্দে ভারত ট্রেন। নিয়ম অনুযায়ী, ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটি মালগাড়ির ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইঞ্জিনের সঙ্গে ট্রেনের সংযোগ স্থাপনের কাজে গাফিলতি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ফলে শুরু থেকেই সমস্যার সূত্রপাত হয়। হাতিয়া স্টেশন ছাড়ার পর হাতিয়া-রাঁচি সেকশনে নিয়ম মেনে ট্রেনের ব্রেক পরীক্ষা করেন লোকো পাইলট। সেই পরীক্ষাতেই ধরা পড়ে বড়সড় ত্রুটি। তিনি বুঝতে পারেন, ট্রেনের ব্রেক ঠিকমতো কাজ করছে না। বিষয়টি জানিয়ে রাঁচি স্টেশনে পৌঁছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সেকশন কন্ট্রোলার এবং ট্র্যাকশন লোকো কন্ট্রোলারকে বিষয়টি জানানো হয়।

## অভিযোগ পেয়েও থামানো হয়নি ট্রেন (Vande Bharat Train Brake Failure)

অভিযোগ জমা পড়ার পরেও ট্রেন থামিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বরং আগের মতোই ট্রেন চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর মুরি স্টেশনেও একই ধরনের সমস্যা সামনে আসে। সেখানে আরও এক লোকো পাইলট ব্রেকের ত্রুটি নিয়ে অভিযোগ জানান। কিন্তু তাঁর অভিযোগও গুরুত্ব পায়নি।এভাবে একের পর এক সতর্কবার্তা সত্ত্বেও বন্দে ভারত ট্রেনটি চলতে থাকে। অথচ ততক্ষণে ট্রেনের ব্রেকিং ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছিল।

## দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ধরা পড়ে আসল ত্রুটি (Vande Bharat Train Brake Failure)

শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের চান্দৌলির দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছনোর পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। সেখানকার লোকো পাইলটও ব্রেকের সমস্যা নিয়ে অভিযোগ জানান। এরপর রেলের আধিকারিকরা ট্রেনটির ব্রেকিং সিস্টেম পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায়, বন্দে ভারত ট্রেনের সমস্ত কামরার ব্রেকিং সিস্টেম বিচ্ছিন্ন অবস্থায় ছিল। অর্থাৎ, গোটা রেকের কোনও কামরাতেই ব্রেক কাজ করছিল না। ফলে ৪৬৩ কিলোমিটার পথ ট্রেনটি পাড়ি দিয়েছে কেবলমাত্র ইঞ্জিনের নিজস্ব ব্রেক এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের সাহায্যে।

## একাধিক বিভাগের গাফিলতির অভিযোগ (Vande Bharat Train Brake Failure)

প্রাথমিক তদন্তে এই ঘটনার পিছনে একাধিক কর্মী ও আধিকারিকের গাফিলতির ইঙ্গিত মিলেছে। কোচ ও ওয়াগন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্টেশনের সেকশন কন্ট্রোলার, ট্র্যাকশন কন্ট্রোলার এবং হাতিয়া থেকে দীনদয়াল উপাধ্যায় পর্যন্ত ট্রেন চালানোর দায়িত্বে থাকা ক্রুদের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে। রেলের প্রাথমিক অনুমান, যাত্রা শুরুর আগে নিয়মমাফিক পরীক্ষা করা হয়নি। আবার পথে ব্রেকের ত্রুটি নজরে আসার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। এই দুই ক্ষেত্রেই দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি যাত্রীবাহী ট্রেনের ব্রেক বিকল থাকার পরেও কীভাবে সেটি ৪৬৩ কিলোমিটার চলল, তা নিয়ে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মীদের দায়িত্ব পালন নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে।
