---
title: "যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ পেরোলেই বিপদ! নিষেধাজ্ঞার সতর্কবার্তা ঢাকার দূতাবাসের"
url: "https://prothomkolkata.com/us-visa-overstay-us-entry-ban-warning/"
published: "2026-11-21T12:49:28+00:00"
modified: "2026-11-21T12:49:57+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ পেরোলেই বিপদ! নিষেধাজ্ঞার সতর্কবার্তা ঢাকার দূতাবাসের

`US Visa Overstay`: **ভিসার নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে দেশ থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের পথও বন্ধ হতে পারে।**

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের বেশি থাকলে বড়সড় সমস্যায় পড়তে পারেন বিদেশি নাগরিকেরা। এমনকি দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও জারি হতে পারে। এই বিষয়ে নতুন করে সতর্ক করল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

গত শনিবার, ২১ নভেম্বর দূতাবাসের নিজস্ব ফেসবুক পেজে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকার জন্য যে নির্দিষ্ট সময়ের অনুমতি দেওয়া হয়েছে, তার বেশি সময় অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও বন্ধ হয়ে যেতে পারে।

## **ভিসার মেয়াদ পেরিয়ে থাকলে কী হতে পারে?** (US Visa Overstay)

দূতাবাসের বার্তায় স্পষ্ট করা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা মেনে চলা প্রত্যেক ভিসাপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব। নির্ধারিত সময়ের বেশি সেখানে অবস্থান করলে তার পরিণতি গুরুতর হতে পারে। শুধু দেশ থেকে ফেরত পাঠানোই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। তাই ভিসা পাওয়ার পর সেখানে কত দিন থাকার অনুমতি রয়েছে, তা ভালোভাবে জেনে নেওয়া এবং সেই সময়সীমা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

## **ভিজিটর ভিসার নিয়ম নিয়েও সতর্কবার্তা** (US Visitor Visa)

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর [ভিসার](https://prothomkolkata.com/india-new-visa-rules-2026-visa-process-easier/) নিয়ম যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে দাবী করা হয়েছে, আবেদনকারী ভিজিটর ভিসার নির্ধারিত নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসা পাওয়ার পর সেটি সঠিকভাবে ব্যবহার করার দায়িত্বও আবেদনকারীর নিজের। অর্থাৎ, শুধু ভিসা হাতে পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর থেকে সেখানে থাকার অনুমোদিত সময়সীমা পর্যন্ত প্রতিটি নিয়ম মেনে চলা জরুরি।
