---
title: "আমেরিকায় বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়! থমকে গেল ১১ হাজারের বেশি উড়ান, দুর্ভোগে লক্ষ লক্ষ যাত্রী"
url: "https://prothomkolkata.com/us-flight-disruption-air-traffic-control-outage/"
published: "2026-11-14T05:21:23+00:00"
modified: "2026-11-14T05:21:28+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# আমেরিকায় বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়! থমকে গেল ১১ হাজারের বেশি উড়ান, দুর্ভোগে লক্ষ লক্ষ যাত্রী

US Flight Disruption: যোগাযোগ ব্যবস্থায় আচমকা বড়সড় ত্রুটি। আর তার জেরেই কার্যত থমকে গেল আমেরিকার বিমান পরিষেবা। শুক্রবার নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সাময়িকভাবে সমস্ত বিমানের উড়ান বন্ধ রাখার নির্দেশ দেয় আমেরিকার ফেডারেল বিমান চলাচল প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে ১১ হাজারেরও বেশি উড়ান আটকে যায় এবং দেশের বিভিন্ন বিমানবন্দরে চরম দুর্ভোগে পড়েন লক্ষ লক্ষ যাত্রী। প্রায় ১৫ হাজার উড়ান এই বিপর্যয়ের প্রভাবের মুখে পড়েছে।

নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিমান চলাচলে এমন নিষেধাজ্ঞা জারি করা হল বলে উল্লেখ করা হয়েছে। শনিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিমান পরিষেবা চালু হওয়ার পরেও বিভিন্ন বিমানবন্দরে উড়ানের সময়সূচি ও যাত্রী পরিষেবায় বিপর্যয়ের প্রভাব থেকে যায়। ফলে বহু যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

## **কী কারণে ঘটল এই বিমান বিপর্যয়?** (US Flight Disruption)

আমেরিকার বিভিন্ন বিমানবন্দরের মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ২২টি আঞ্চলিক এবং আকাশপথ নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থায় আচমকা ত্রুটি দেখা দেয়। এর ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণের কাজে সমস্যা তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত দেশজুড়ে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম সিএনএনের সূত্রে জানা গিয়েছে, যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত তথ্য আদানপ্রদানের পথনির্দেশক যন্ত্রে ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে বলে বিমান সংস্থাগুলিকে জানিয়েছিল প্রশাসন। শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক [বিমানবন্দর](https://prothomkolkata.com/kolkata-airport-hijack-threat-air-india-flight/) থেকে সমস্যার সূত্রপাত হয় এবং পরে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। বর্তমানে প্রযুক্তিবিদরা সমস্যার কারণ খতিয়ে দেখছেন। তবে ঠিক কীভাবে এই ত্রুটি তৈরি হল এবং কেন তা এত দ্রুত বিস্তৃত এলাকায় প্রভাব ফেলল, তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

## **আকাশে থাকা বিমানগুলির কী হয়েছিল?** (US Flight Disruption)

উড়ান বন্ধ রাখার নির্দেশ জারি হলেও সেই সময় যে বিমানগুলি ইতিমধ্যেই আকাশে ছিল, সেগুলিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে অবতরণের অনুমতি দেওয়া হয়। তবে নতুন করে কোনও বিমানকে উড়তে দেওয়া হয়নি। প্রতিটি বিমানের পরিস্থিতি আলাদাভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

শনিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ধীরে ধীরে বিমান পরিষেবা চালু হলেও বিপর্যয়ের রেশ কাটতে সময় লাগে। একসঙ্গে বিপুল সংখ্যক উড়ান আটকে যাওয়ায় পরবর্তী উড়ানগুলির সময়সূচিও প্রভাবিত হয়। যোগাযোগ ব্যবস্থার একটি বড়সড় ত্রুটি কীভাবে গোটা দেশের বিমান চলাচলকে বিপর্যস্ত করে দিতে পারে, এই ঘটনা তা আরও একবার সামনে এনে দিল।
