---
title: "ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা, কী করতে চলেছেন টিউলিপ সিদ্দিক?"
url: "https://prothomkolkata.com/tulip-siddiq-legal-action-against-yunus/"
published: "2026-11-19T10:39:04+00:00"
modified: "2026-11-21T12:37:29+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভাবনা, কী করতে চলেছেন টিউলিপ সিদ্দিক?

Tulip Siddiq Yunus Legal Action: বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিক। তাঁর অভিযোগ, বাংলাদেশের প্রাক্তন সরকারের আমলে তাঁর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা করা হয়েছিল, তা ছিল উদ্দেশ্যপূর্ণ । সেই মামলার জেরেই ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল তাঁকে। এবার সেই ঘটনার জন্য ইউনুসের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখছেন তিনি। আইনজীবীদের সঙ্গেও কথা বলছেন বলে জানিয়েছেন তুলিপ।

বৃহস্পতিবার 'দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে টিউলিপ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি ছিল 'ম্যালিশাস প্রসিকিউশন' বা অসৎ উদ্দেশ্যে করা মামলা। তাঁর দাবি, বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে বলে তাঁকে জানিয়েছেন এক অভিজ্ঞ আইনজীবী। সেই পরামর্শের পরেই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তিনি।

## কী অভিযোগ টিউলিপের বিরুদ্ধে? (Tulip Siddiq Corruption Case)

ব্রিটিশ পার্লামেন্টের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট কেন্দ্রের সাংসদ টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। শেখ হাসিনা ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর সরকারের আমলে তুলিপের পরিবার ঢাকার উপকণ্ঠে একটি জমি পেয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই জমি পেতে শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন টিউলিপ, এমনই দাবি ছিল বাংলাদেশের কর্তৃপক্ষের। এই অভিযোগে গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের আদালত টিউলিপকে দু'বছরের কারাদণ্ড দেয়। তাঁর সঙ্গে আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা চলেছিল। তবে টিউলিপ আদালতে উপস্থিত ছিলেন না। তিনি লন্ডনে থাকেন এবং শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ সাংসদের পক্ষে বাংলাদেশের ওই সাজা কার্যকর হওয়ার সম্ভাবনাও কম।

এর আগে ২০২৫ সালের 'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ এই অভিযোগকে সম্পূর্ণ অবাস্তব বলে দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, শেখ হাসিনা এবং মুহাম্মদ ইউনুসের দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের বলি হয়েছেন তিনি।

## ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েও পাননি সময় (Tulip Siddiq Yunus)

সম্প্রতি গুটো হ্যারির সঞ্চালনায় 'পলিটিক্স আনলিশড' নামে একটি নতুন পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তুলিপ। তাঁর দাবি, বাংলাদেশের সরকারকে বারবার চিঠি লিখে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁর আইনজীবীদের পাঠানো চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি। এমনকী লন্ডনে ইউনুসের সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টাও করেছিলেন তিনি। টিউলিপের কথায়, ইউনুস তখন লন্ডনের ডরচেস্টার হোটেলে ছিলেন। তাঁকে হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু দেখা করার অনুরোধে সাড়া দেননি ইউনুস।

টিউলিপ জানিয়েছেন, এই মামলা নিয়ে তিনি খুব বেশি মানসিক চাপে ছিলেন না। কারণ, নিজের নির্দোষ হওয়ার বিষয়ে তাঁর কোনও সন্দেহ ছিল না। তবে গোটা বিষয়টি তাঁকে বিস্মিত করেছিল। তাঁর কথায়, বিচারপ্রক্রিয়ার অভিজ্ঞতা ছিল যেন ফ্রান্‌ৎস কাফকার লেখা কোনও দুঃস্বপ্নের মতো। কী কারণে তাঁকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেটাও তিনি বুঝতে পারেননি। এমনকী সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের খবর দেখে নিজের সাজা ঘোষণার বিষয়টি জানতে পেরেছিলেন।

## পাশে দাঁড়িয়েছিলেন কিয়ার স্টারমার (Tulip Siddiq Starmer)

এই বিতর্কের সময় ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে সমর্থন করেছিলেন বলেও জানিয়েছেন টিউলিপ। তাঁর দাবি, একবার নিরাপত্তা সংক্রান্ত হুমকি পাওয়ার পর স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। তখন স্টারমার আমেরিকায় ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের ঠিক আগেই সেই বার্তা আসে।

তবে টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে স্টারমারকে বারবার প্রশ্ন করা হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তুলিপের কথায়, স্টারমারকে প্রধানমন্ত্রী করার রাজনৈতিক উদ্যোগের সঙ্গে তিনি প্রথম থেকেই যুক্ত ছিলেন। তাঁকে সমর্থনও করেছিলেন। কিন্তু পরে নিজেই সরকারের কাছে সমস্যার কারণ হয়ে উঠছিলেন বলে মনে হয়েছিল তাঁর।

## স্টারমারের উত্তরসূরি বার্নহ্যামের প্রশংসা (Tulip Siddiq Labour Party)

স্টারমারের রাজনৈতিক উত্থান এবং পরবর্তী সময়ে তাঁর ক্ষমতা হারানোর বিষয়টি তুলিপের কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে স্টারমারের উত্তরসূরি অ্যান্ডি বার্নহ্যামের প্রশংসা করেছেন তিনি।টিউলিপের বক্তব্য, তাঁর মূল লক্ষ্য ব্রিটেনে আবার লেবার পার্টির সরকারকে ক্ষমতায় দেখা। বার্নহ্যাম যদি সেই লক্ষ্য পূরণ করতে পারেন, তা হলে নিজের ব্যক্তিগত দুঃখ সরিয়ে রেখে তাঁকে সমর্থন করবেন। লেবার পার্টি জনমত সমীক্ষায় ভাল ফল করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্য দিকে, ইউনুসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তবে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ফলে তুলিপের আইনি পদক্ষেপের ভাবনা নিয়ে ইউনুসের অবস্থান এখনও স্পষ্ট নয়।
