---
title: "ট্রেনে স্পিকারে গান বাজালে, রিলস দেখলেই জরিমানা, হতে পারে জেলও"
url: "https://prothomkolkata.com/train-rules-mobile-fine-jail-east-railway-2026/"
published: "2026-11-20T16:50:30+00:00"
modified: "2026-11-20T16:50:34+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ট্রেনে স্পিকারে গান বাজালে, রিলস দেখলেই জরিমানা, হতে পারে জেলও

Train Mobile Rules: ঘোষণা আগেই হয়েছিল, এবার তা চালু হয়ে গেল এ [রাজ্যেও](https://prothomkolkata.com/us-midterm-elections-democrats-six-major-challenges/)। ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে মোবাইলে জোরে কথা, দীর্ঘক্ষণ ফোনে কথা বললে কিংবা স্পিকারে গান ও ভিডিও চালালে বা রিলস দেখলে এবার শাস্তির মুখে পড়তে হবে যাত্রীকে।

## ছ'মাসের জেল (Train Rules Mobile Fine )

অভিযোগ প্রমাণিত হলে হতে পারে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, এমনকী ছ’মাস পর্যন্ত জেলও। লোকাল হোক বা দূরপাল্লার, ট্রেনে মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখার জেরে পাশের যাত্রীর সমস্যা নিত্য নৈমিত্তিক ঘটনা। বারণ করলেও অধিকাংশ যাত্রী কথা শোনেননা। তা নিয়ে শুরু হয় বচসাও। বিশেষত দূরপাল্লার [ট্রেনে](https://prothomkolkata.com/2-drivers-fixed-the-error-of-the-train-by-hanging-on-the-bridge-passengers-survived-see/) অনেক যাত্রীই রাতে মোবাইলে সিনেমা দেখতে দেখতে বা ফোনে গল্প করতে করতে যান। এতে পাশের যাত্রীর ঘুমোতে অসুবিধা হয়। কিন্তু বারণ করেও কোনও লাভ হয়না। যাত্রীদের এমন আচরণে লাগাম টানতে এ বার কড়া নির্দেশিকা জারি করল পূর্ব রেল। জানানো হয়েছে এবার থেকে মোবাইলে জোরে দীর্ঘক্ষণ কথা বললে কিংবা স্পিকারে গান ও ভিডিও চালালে জরিমানা করা হবে ১০০০ টাকা পর্যন্ত। শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠিয়েছে রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তর। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, স্টেশনে এবং সম্ভব হলে ট্রেনেও আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করতে হবে।

## রেল কী বলছে (Railway Train Rules Moblie)

[রেলের](https://prothomkolkata.com/tag/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8b/) তরফে জানানো হয়েছে, যাত্রীদের স্পিকারে গান বা ভিডিও না চালানো এবং জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা না বলার জন্য সচেতন করতে হবে। এ ছাড়া স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায়, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায়, এ বিষয়ে সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগাতে হবে। যাত্রীদের ইয়ারফোন ব্যবহার এবং মোবাইল ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পরামর্শ দেওয়া হবে। রিংটোনের আওয়াজও কম রাখতে বলা হবে সেখানে। নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এ ধরনের আচরণ উপদ্রবের পর্যায়ে পড়লে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা অথবা ছ’মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

## কাদের হাতে দায়িত্ব (Mobile Penalty Train Rules)

এই ধরনের ঘটনায় রেল আইনের আওতায় টিকিট পরীক্ষক এবং তাঁর ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা ব্যবস্থা নিতে পারবেন। নির্দেশিকা কার্যকর করে যাত্রী সচেতনতা এবং গৃহীত পদক্ষেপের রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। পাশাপাশি, প্রতিটি স্টেশনের নোটিস বোর্ডেও এই নির্দেশিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
