---
title: "হামলার আতঙ্ক কাটিয়ে মঞ্চে টাইগার শ্রফ, বিশেষ বার্তায় কৃতজ্ঞতা জানালেন কাকে?"
url: "https://prothomkolkata.com/tiger-shroff-first-public-appearance-after-firing/"
published: "2026-11-24T07:00:00+00:00"
modified: "2026-11-23T20:38:35+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম আনন্দ"]
---

# হামলার আতঙ্ক কাটিয়ে মঞ্চে টাইগার শ্রফ, বিশেষ বার্তায় কৃতজ্ঞতা জানালেন কাকে?

Tiger Shroff Public Appearance: মঞ্চের আলোয় আবারও দেখা গেল [টাইগার শ্রফকে](https://prothomkolkata.com/amitabh-bachchan-bulletproof-glass-jalsa-security/)। পরনে রাজকীয় পোশাক। জনপ্রিয় গান ‘দেবা শ্রী গণেশা’র তালে মঞ্চে নাচছেন অভিনেতা। দর্শকদের সামনে তাঁর এই প্রত্যাবর্তন যেন নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার বার্তা দিল। গত ১৮ অক্টোবর মুম্বইয়ে গুলিকাণ্ডের ঘটনার পর এই প্রথম কোনও প্রকাশ্য অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেল বলিউড অভিনেতা টাইগার শ্রফকে। বিশেষ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। মঞ্চে ফিরে উচ্ছ্বসিত অভিনেতা সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন।

https://twitter.com/FREEINKPOST/status/2124388333040361963?a=ijMa2LfWlrn4svgKiOk&s=19

## কী ঘটেছিল ১৮ অক্টোবর? (Tiger Shroff Firing Incident)

ঘটনার সূত্রপাত গত ১৮ অক্টোবর। উৎসবের মরশুমে রবিবার সন্ধ্যায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। হামলার পিছনে [বিষ্ণোই গ্যাংয়ের](https://prothomkolkata.com/crime-in-india-security-in-canada-nia-took-extreme-step-sukha-danukas-mystery-exposed/) দুই সদস্যের হাত ছিল বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে মুম্বইয়ের বিনোদন জগতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরবর্তী সময়ে বিষ্ণোই গ্যাংয়ের তরফে দাবি করা হয়, টাইগার শ্রফ তাদের মূল লক্ষ্য ছিলেন না। শুধু টাইগার নন, ওই গোষ্ঠীর নজরে ছিলেন বলিউডের আরও কয়েকজন তারকা। গত এক মাসে সলমন খান, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর এবং আমির খানের বাড়িতেও রেইকি চালানোর অভিযোগ সামনে আসে। ফলে মুম্বইয়ের তারকামহলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

## নিরাপত্তার ঘেরাটোপে কাজ, এড়িয়ে গিয়েছিলেন প্রচার (Tiger Shroff Security)

গুলিকাণ্ডের পর বেশ কিছুদিন জনসমক্ষে আসেননি টাইগার। পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও নিজেকে দূরে রেখেছিলেন অভিনেতা। তবে কাজ বন্ধ রাখেননি তিনি। কড়া নিরাপত্তার মধ্যে গোপনে শুটিং চালিয়ে গিয়েছেন। হামলার ঘটনার পর থেকে প্রকাশ্যে কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি। এবার সেই আতঙ্ক কাটিয়ে আবারও মঞ্চে ফিরলেন জ্যাকি শ্রফের ছেলে।

সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টাইগার। সেখানেই রাজকীয় পোশাকে মঞ্চে ওঠেন তিনি। ‘দেবা শ্রী গণেশা’ গানের সঙ্গে তাঁর নাচ দর্শকদের নজর কাড়ে। গুলিকাণ্ডের পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য মঞ্চে পারফরম্যান্স।

## মুখ্যমন্ত্রীকে কী বার্তা টাইগারের? (Tiger Shroff Devendra Fadnavis)

অনুষ্ঠানে পারফর্ম করার পর নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন অভিনেতা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং তাঁর স্ত্রী অমৃতা ফড়নবীসকে ধন্যবাদ জানান।

টাইগার লেখেন, আবার মঞ্চে ফিরতে পেরে তিনি অত্যন্ত খুশি। এবছরও ‘গ্লোবাল পিস অনার্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এবং অমৃতা ফড়নবীসকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। তাঁর কথায়, এই অনুষ্ঠানের অংশ হতে পারা সবসময়ই তাঁর কাছে বিশেষ প্রাপ্তি। অভিনেতার এই পোস্টে মন্তব্য করেছেন তাঁর বোন কৃষ্ণা শ্রফও। তিনি লিখেছেন, ‘টাইগার ফিরেছে।’ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য নজর কেড়েছে অনুরাগীদের।

গুলিকাণ্ডের পর দীর্ঘ বিরতি কাটিয়ে টাইগারের এই প্রকাশ্য উপস্থিতি বলিউডে বিশেষ তাৎপর্যপূর্ণ। নিরাপত্তার কড়া ঘেরাটোপের মধ্যেই ফের কাজ ও অনুষ্ঠানে ফিরছেন অভিনেতা। তাঁর মঞ্চে প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উৎসাহ।
