---
title: "বুদ্ধদেবের প্রশংসা, সিপিএমকে তুলোধোনা! নন্দীগ্রাম দিবসে মমতাকেও ছাড়লেন না শুভেন্দু"
url: "https://prothomkolkata.com/suvendu-adhikari-nandigram-day-buddhadeb-mamata/"
published: "2026-11-10T09:32:06+00:00"
modified: "2026-11-10T16:28:27+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# বুদ্ধদেবের প্রশংসা, সিপিএমকে তুলোধোনা! নন্দীগ্রাম দিবসে মমতাকেও ছাড়লেন না শুভেন্দু

Suvendu Adhikari Nandigram Day: নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত ব্যবহারের প্রশংসা, অন্যদিকে তাঁর দল সিপিএমকে কড়া আক্রমণ। একইসঙ্গে নিশানায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১৯ বছর পরেও নন্দীগ্রামের রক্তাক্ত স্মৃতি যে ভোলার নয়, তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের গোকুলনগরে শহিদ স্মরণ মঞ্চে উপস্থিত হয়ে ২০০৭ সালের ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। তৎকালীন বাম সরকারের পাশাপাশি গত ১৫ বছরের তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের শহিদদের পরিবারকে প্রতিশ্রুতি দিয়েও কোনও কাজ করেনি তৃণমূল সরকার। এমনকি অনেকের মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয়নি।

## বুদ্ধদেবের প্রশংসা, নিশানায় সিপিএম (Suvendu Adhikari Nandigram Day)

২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে তৎকালীন বাম সরকারের 'অপারেশন সূর্যোদয়'-কে কেন্দ্র করে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনার স্মৃতি স্মরণ করে শুভেন্দু বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল। বুদ্ধদেব তাঁর সঙ্গে ভালো ব্যবহার করতেন। কিন্তু তাঁর দল সিপিএমের নীতি ও কাজকর্ম ভালো ছিল না।শুভেন্দুর কথায়, অপারেশন সূর্যোদয়ের পর বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, 'দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস'। অন্যদিকে, সিপিএম নেতা বিমান বসু বলেছিলেন, 'নতুন সূর্য উঠল নন্দীগ্রামে'। এই মন্তব্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ব্যক্তি বুদ্ধবাবু ভালো ছিলেন। কিন্তু তাঁর দল ভালো ছিল না।

## ১১ জনকে খুনের অভিযোগ, দেহ মেলেনি বলেও দাবি (Suvendu Adhikari Nandigram Day)

সেদিনের নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে শুভেন্দু আরও ভয়াবহ অভিযোগ করেন। তাঁর দাবি, ১১ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সিপিএমের পার্টি অফিসে। সেখানে তাঁদের টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে মাঝসমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। তাঁদের কারও দেহই খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তৎকালীন বাম সরকারের আমলে নন্দীগ্রামের মানুষের উপর ভয়াবহ অত্যাচার হয়েছিল বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

## মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও আক্রমণ (Suvendu Adhikari Nandigram Day)

নন্দীগ্রামের আন্দোলনে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। ২০০৭ সালে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই আন্দোলনের রাজনৈতিক পরিণতিতেই ২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। তবে বর্তমানে রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। একসময় একই আন্দোলনে থাকা মমতা ও শুভেন্দু এখন পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ। এদিন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু।

তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে নন্দীগ্রামের মানুষের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। কিন্তু গত ১৫ বছরে সেই প্রতিশ্রুতির অধিকাংশই পূরণ হয়নি। শহিদদের পরিবার এখনও ন্যায্য স্বীকৃতি পায়নি। অনেকের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি। নন্দীগ্রামের মানুষের বিচারও এখনও অধরা বলে দাবি করেন তিনি।

## ‘সেদিনও আপনাদের পাশে ছিলাম, আজও আছি’ (Suvendu Adhikari Nandigram Day)

গোকুলনগরের সভা থেকে নন্দীগ্রামবাসীর উদ্দেশে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ২০০৭ সালে যেভাবে তিনি নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন, এখনও সেভাবেই তাঁদের পাশে রয়েছেন। নিজের সংকল্প থেকে তিনি সরে আসবেন না বলেও জানান। একইসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে বলেন, আগামী ১০০ বছর এই দলের কোনও অস্তিত্ব থাকবে না। এদিন গোকুলনগরের শহিদ স্মরণ মঞ্চে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্যভাবে, ওই শহিদ বেদীর রং বদলে গেরুয়া করা হয়েছে। সেখানেই পুষ্পার্ঘ্য অর্পণ করে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি।

একসময় বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রাম দিবসে তাঁর বক্তব্যে উঠে এল সিপিএম ও তৃণমূল—দুই দলের বিরুদ্ধেই রাজনৈতিক আক্রমণ। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তাঁর ব্যক্তিগত প্রশংসার মন্তব্যই এদিনের সভায় বিশেষভাবে নজর কেড়েছে।
