---
title: "ইউপিএ গঠনের নেপথ্যের কাহিনি: করুণানিধিকে ফোন করার সময় ভয়ে কাঁপছিলাম, স্মৃতিচারণ সোনিয়া গান্ধীর"
url: "https://prothomkolkata.com/sonia-gandhi-reveals-story-of-upa-formation/"
published: "2026-11-11T14:07:55+00:00"
modified: "2026-11-11T14:07:59+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ইউপিএ গঠনের নেপথ্যের কাহিনি: করুণানিধিকে ফোন করার সময় ভয়ে কাঁপছিলাম, স্মৃতিচারণ সোনিয়া গান্ধীর

Sonia Gandhi UPA Formation Memoir: ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে পরাজিত করতে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই উদ্যোগ থেকেই জন্ম নেয় ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ)। কিন্তু এই জোট গঠনের পথ মোটেই সহজ ছিল না। বিশেষ করে তামিলনাড়ুর দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (ডিএমকে)-র সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিতে গিয়ে ব্যক্তিগত যন্ত্রণা ও রাজনৈতিক দ্বিধার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: অা জার্নি অফ লাভ’-এ উঠে এসেছে ইউপিএ গঠনের সেই অজানা অধ্যায়। বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, ডিএমকে নেতা এম করুণানিধিকে প্রথমবার ফোন করার সময় তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। তাঁর কথায়, ফোন করার সময় হৃদস্পন্দন যেন গলায় উঠে এসেছিল, তিনি কাঁপছিলেন।

## রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের স্মৃতি তাড়া করেছিল সোনিয়াকে (Sonia Gandhi UPA Formation Memoir)

এর পিছনে ছিল এক গভীর ব্যক্তিগত কারণ। ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এলটিটিই (লিবারেশন টাইগার্স অব তামিল ইলম)-র আত্মঘাতী হামলায় নিহত হন। সোনিয়ার কথায়, সেই সময় ডিএমকে-র একাংশের কর্মী এলটিটিই-র সমর্থনে সরব ছিলেন। এমনকী দলের কিছু সদস্য প্রকাশ্যে রাজীব গান্ধীকে হুমকিও দিয়েছিলেন বলে তিনি স্মরণ করেছেন। ১৯৯৭ সালে জৈন কমিশনের রিপোর্ট প্রকাশের পর রাজীব হত্যাকাণ্ডে ডিএমকে নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় প্রধানমন্ত্রী আই কে গুজরালের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিল কংগ্রেস।

এই অতীতের স্মৃতি সোনিয়াকে বারবার দ্বিধায় ফেলেছিল। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ডিএমকে-র সঙ্গে জোট করলে তা কি রাজীব গান্ধীর স্মৃতির প্রতি বিশ্বাসঘাতকতা হবে না? আবার তাঁর মনে হয়েছিল, বিজেপিকে রুখতে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে রাজীব গান্ধী নিজেও হয়তো এমন সিদ্ধান্ত নিতেন। শেষ পর্যন্ত বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকেই অগ্রাধিকার দেন তিনি। করুণানিধিকে ফোন করে কথাবার্তা শুরু করেন। ভাষাগত বাধা থাকলেও দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সোনিয়া তামিল জানতেন না, অন্যদিকে করুণানিধি ইংরেজি জানতেন না। তবুও পরবর্তী সময়ে তাঁদের মধ্যে একাধিক বৈঠক হয় এবং জোটের পথ প্রশস্ত হয়। সোনিয়া লিখেছেন, পরবর্তীকালে করুণানিধির শিল্প-সংস্কৃতি, সাহিত্য এবং প্রাচীন তামিল ভাষার প্রতি আগ্রহের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। দু’জনের মধ্যে ভালো সম্পর্কও গড়ে ওঠে।

## লালুপ্রসাদ থেকে শরদ পাওয়ার, একাধিক নেতার সঙ্গে আলোচনা (Sonia Gandhi UPA Formation)

ইউপিএ গঠনের জন্য শুধু ডিএমকে নয়, আরও বহু রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন সোনিয়া। বিহারের দলিত নেতা রামবিলাস পাসোয়ানের সঙ্গে আলোচনা করতে গিয়ে একবার আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের অসন্তোষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে লালুপ্রসাদকে বিষয়টি বুঝিয়ে বললে ভুল বোঝাবুঝি মিটে যায়। এ ছাড়াও শরদ পাওয়ার, সিপিএম নেতা হরকিষেণ সিং সুরজিৎ, সীতারাম ইয়েচুরি, জ্যোতি বসু, ঝাড়খণ্ডের নেতা শিবু সোরেন-সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাম দলগুলি সরাসরি সরকারে যোগ না দিলেও নির্বাচনের পরে বাইরে থেকে ইউপিএ-কে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। জ্যোতি বসুর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেছেন সোনিয়া। এই সমস্ত আলোচনা ও সমঝোতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। বিভিন্ন দলের মধ্যে আসন সমঝোতা এবং চূড়ান্ত রাজনৈতিক বোঝাপড়া তৈরিতে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছেন সোনিয়া।

## ২০০৪ সালে ইউপিএ-র আত্মপ্রকাশ, ২১৮ আসনে জয় (Sonia Gandhi UPA Formation)

অবশেষে ২০০৪ সালের ৪ মে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ইউপিএ। ১০ মে নির্বাচনী প্রচার শেষ হয় এবং ১৩ মে ফলাফল প্রকাশিত হয়। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২১৮টি আসনে জয়লাভ করে। এই জয়কে সোনিয়া তাঁর রাজনৈতিক জীবনের এক বড় সাফল্য হিসাবে বর্ণনা করেছেন। আমেঠি থেকে বিপুল ব্যবধানে জয়ী হন রাহুল গান্ধী। কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে রাজীব গান্ধীর পুত্রকে ঘিরে স্লোগানও উঠেছিল।সোনিয়ার কথায়, অবশেষে কংগ্রেসের জয় তাঁকে উচ্ছ্বসিত করেছিল। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, ব্যক্তিগত যন্ত্রণা এবং নানা মতপার্থক্য অতিক্রম করে ২০০৪ সালে ইউপিএ গঠন ছিল তাঁর কাছে এক ঐতিহাসিক রাজনৈতিক সাফল্য। এই আত্মজীবনীর মাধ্যমে সেই জোট গঠনের নেপথ্যের ব্যক্তিগত অনুভূতি ও রাজনৈতিক সমীকরণ নতুন করে সামনে এল।
