---
title: "কেন প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং? আত্মজীবনীতে ২০০৪ সালের অজানা কাহিনি শোনালেন সনিয়া"
url: "https://prothomkolkata.com/sonia-gandhi-manmohan-singh-prime-minister-2004/"
published: "2026-11-10T07:46:45+00:00"
modified: "2026-11-10T16:29:51+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# কেন প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং? আত্মজীবনীতে ২০০৪ সালের অজানা কাহিনি শোনালেন সনিয়া

Sonia Gandhi on Manmohan Singh as PM: ২০০৪ সালের ১৮ মে। দিল্লির রাষ্ট্রপতি ভবনের লম্বা করিডর ধরে এগিয়ে চলেছেন সনিয়া গান্ধী। পাশে কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং। সেদিন রাষ্ট্রপতি ভবনে যাওয়ার উদ্দেশ্য ছিল দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা। কিন্তু সবার ধারণা ছিল, প্রধানমন্ত্রী হতে চলেছেন সনিয়া গান্ধী নিজেই। অথচ শেষ পর্যন্ত সেই পদে মনমোহন সিংয়ের নামই প্রস্তাব করেন তিনি। কেন নিজের বদলে মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন? দীর্ঘদিন পর নিজের আত্মজীবনীতে সেই সিদ্ধান্তের নেপথ্যের কথা জানালেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী। সম্প্রতি প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী 'Belonging: A Journey of Love'। মঙ্গলবার বইটি প্রকাশ্যে আসে। প্রকাশক HarperCollins India। এই বইতেই ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এবং মনমোহন সিংকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। সনিয়ার বক্তব্য, মনমোহন সিংয়ের অভিজ্ঞতা, সততা এবং প্রশাসনিক দক্ষতার সঙ্গে প্রতিযোগিতা করার মতো কেউ ছিলেন না।

## কেন মনমোহন সিংকেই বেছে নিয়েছিলেন সনিয়া? (Sonia Gandhi on Manmohan Singh as PM)

বইয়ে সনিয়া জানিয়েছেন, কংগ্রেসে তখন অনেক অভিজ্ঞ ও যোগ্য নেতা ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। কিন্তু মনমোহন সিংয়ের প্রতি তাঁর আস্থা ছিল সবচেয়ে বেশি। তাঁর মতে, মনমোহন সিং ছিলেন প্রশ্নাতীত সততার অধিকারী। প্রশাসন পরিচালনা সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। ১৯৯০-এর দশকের গোড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই সময় দেশের অর্থনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার এনেছিলেন তিনি। একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসেবেও তাঁর পরিচিতি ছিল আন্তর্জাতিক স্তরে। সনিয়ার মতে, দলের কোনও নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে মনমোহন সিংয়ের ঘনিষ্ঠতা ছিল না। ফলে কংগ্রেসের পাশাপাশি বামপন্থী দলগুলির সমর্থন পাওয়া সরকারের পক্ষেও তাঁকে প্রধানমন্ত্রী করা সুবিধাজনক হতে পারত।

মনমোহন সিংয়ের ব্যক্তিগত জীবন ও সংগ্রামের কথাও বইয়ে তুলে ধরেছেন সনিয়া। তাঁর জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পঞ্জাবের একটি গ্রামে, যা বর্তমানে পাকিস্তানের অংশ। ছোটবেলাতেই মাকে হারিয়েছিলেন তিনি। জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। কঠোর পরিশ্রম ও মেধার জোরে গ্রামের স্কুল থেকে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিলেন মনমোহন। পরবর্তীতে আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা তৈরি করেন। সনিয়ার কথায়, মনমোহন সিং শুধু একজন দক্ষ অর্থনীতিবিদ বা প্রশাসক ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও সহানুভূতিশীল মানুষ। তাঁর সততা নিয়েও কোনও প্রশ্ন ছিল না। তাই দেশের দায়িত্ব তাঁর হাতে নিরাপদ থাকবে বলে বিশ্বাস করেছিলেন সনিয়া।

## প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে প্রথমে রাজি হননি মনমোহন (Sonia Gandhi on Manmohan Singh as PM)

সনিয়া জানিয়েছেন, মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার আগে দলের প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। মনমোহনের নাম প্রস্তাব করার পর কেউই আপত্তি জানাননি। তাঁর অভিজ্ঞতা এবং সৎ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলার মতো কোনও কারণ ছিল না বলেই মনে করেছিলেন দলের নেতারা। এরপর ব্যক্তিগতভাবে মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলা হয়। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হতে রাজি হননি। তবে পরে তাঁকে বোঝানো হয় এবং শেষ পর্যন্ত দায়িত্ব নিতে সম্মত হন তিনি।

সনিয়া লিখেছেন, ২০০৪ সালের ১৮ মে মনমোহন সিংকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছিলেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যে রাষ্ট্রপতি ভবনের বিশাল দেওয়াল এবং সামনের পাথরের ফোয়ারার পাশে উড়ে বেড়ানো পায়রাগুলির দৃশ্য এখনও তাঁর মনে রয়েছে। এর আগে শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধীর সঙ্গে বহুবার রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিনের যাত্রা ছিল সম্পূর্ণ আলাদা। রাষ্ট্রপতি ভবন থেকে ১০ জনপথের বাড়িতে ফিরে মনমোহন সিংকে তাঁর গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন সনিয়া। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে দু'জনের মধ্যে কোনও আলোচনা হয়নি। মনমোহন সিংও ধরে নিয়েছিলেন, প্রধানমন্ত্রী হতে চলেছেন সনিয়া গান্ধী।

## কেন প্রধানমন্ত্রী হতে চাননি সনিয়া? (Sonia Gandhi on Manmohan Singh as PM)

নিজের আত্মজীবনীতে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণও জানিয়েছেন সনিয়া। তাঁর দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী চাননি তিনি প্রধানমন্ত্রী হন। কারণ, ছোটবেলা থেকেই তাঁরা পরিবারের দুই সদস্যের হত্যার ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। ১৯৮৪ সালে দিদিমা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছিল। সনিয়ার কথায়, সন্তানদের মনে প্রধানমন্ত্রীর পদ মানেই ছিল বাড়তি নিরাপত্তার ঝুঁকি ও বিপদের আশঙ্কা। নির্বাচনের কয়েক মাস আগে সন্তানদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তাঁর। সন্তানদের মধ্যে একজন সরাসরি জানতে চেয়েছিলেন, কংগ্রেস নির্বাচনে জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে রাজি হবেন কি না। উত্তরে সনিয়া স্পষ্ট জানিয়েছিলেন, কোনওভাবেই তিনি সেই পদ গ্রহণ করবেন না।

তবে নিজের মনেও এই সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছেন তিনি। একদিকে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল না, অন্যদিকে দলের কর্মীদের প্রত্যাশা ও আবেগের কথাও ভাবছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল, প্রস্তাব ফিরিয়ে দিলে দলের অনেক কর্মী হতাশ হবেন।শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন সনিয়া। সন্তানদের সঙ্গে আলোচনার পর তিনি মানসিকভাবে অনেকটা স্বস্তি পেয়েছিলেন। পরে দলের দায়িত্ব ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই শুরু হয়েছিল মনমোহন সিংয়ের প্রথম প্রধানমন্ত্রিত্বের অধ্যায়।
